ঢাকার সাভারে পৃথক দুটি বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজা ও ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)। পুলিশ গ্রেফতার ব্যক্তিদের পেশাদার মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করেছে। এই বিশেষ অভিযানে ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) আরিফুল ইসলাম ও সঙ্গীয় অফিসার ও ফোর্স অংশ নেন।
ডিবি পুলিশ জানায়, ২০২৬ সালের ২৪ নভেম্বর সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সাভার থানাধীন বক্তারপুর এলাকায় প্রথম অভিযান চালানো হয়। এ সময় ৫০০ গ্রাম গাঁজাসহ মোছা. মাজেদা বেগমকে (৪৮) গ্রেফতার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা। মাজেদা বেগমের বাবা মৃত আয়ার আলী সরকার, মা মৃত জহুরা খাতুন এবং স্বামী মৃত মোস্তাক হোসেন। তার স্থায়ী ঠিকানা সিরাজগঞ্জের চৌহালী থানার শৈলজানা গ্রামে। বর্তমানে তিনি ঢাকার সাভার মডেল থানাধীন বক্তারপুর (তিন রাস্তার মোড়) এলাকায় বসবাস করতেন।
একই দিন রাত ১১টা ৫০ মিনিটে এসআই (নিরস্ত্র) আরিফুল ইসলাম ও সঙ্গীয় অফিসার ও ফোর্স সাভার থানাধীন ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় দ্বিতীয় অভিযান চালান। সেখান থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ৪ গ্রাম এবং এর আনুমানিক মূল্য ১২ হাজার টাকা। গ্রেফতার দুজন হলেন: মানিকগঞ্জের সিংগাইর থানার সুদক্ষিরা গ্রামের আব্দুস সামাদ ও রাশেদা বেগমের ছেলে আরমান (২৬) এবং ঢাকার সাভার মডেল থানার হারাননগর দক্ষিণপাড়া গ্রামের আব্দুর বারেক ও আমিরুন্নেছার ছেলে মো. লিটন মিয়া (৩৮)।
৩৫ বছর শিক্ষাদান, বিদায়বেলায় ঘোড়ার গাড়িতে চড়ে বাড়ি ফিরলেন শিক্ষক!

পুলিশ জানায়, গ্রেফতার মাজেদা বেগমের বিরুদ্ধে ১টি মাদক মামলা এবং আরমানের বিরুদ্ধে ১টি মাদক ও ১টি অস্ত্র আইনে মামলাসহ মোট ২টি মামলা রয়েছে।
গ্রেফতার আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

















