দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নতুন পর্যটন মৌসুমের প্রথম জাহাজ পৌঁছেছে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ৮০০ পর্যটক নিয়ে দ্বীপে পৌঁছায় এমভি বারো আউলিয়া। পর্যটকদের আগমনে আবারও প্রাণচাঞ্চল্য ফিরেছে দ্বীপজুড়ে। একই সঙ্গে পর্যটননির্ভর ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে দেখা দিয়েছে স্বস্তি ও আনন্দ।
বৃহস্পতিবার সকালে কক্সবাজার থেকে ৮০০ পর্যটক নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশে যাত্রা শুরু করে জাহাজটি। পরে দ্বীপে পৌঁছালে স্থানীয় বাসিন্দারা উষ্ণ অভ্যর্থনায় পর্যটকদের বরণ করে নেন। দীর্ঘ বিরতির পর পর্যটকদের পদচারণায় দ্বীপজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
নতুন মৌসুমের শুরুতে সবচেয়ে বেশি উচ্ছ্বাস দেখা গেছে পর্যটননির্ভর ব্যবসায়ীদের মধ্যে। হোটেল-মোটেল, রেস্তোরাঁ ও পর্যটনসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক-কর্মচারীদের মধ্যে ফিরেছে কর্মচাঞ্চল্য। পর্যটকদের আগমনকে কেন্দ্র করে স্থানীয় অর্থনীতিতেও নতুন গতি সঞ্চারের প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
সীমান্তে ৬৩ লাখ টাকার ভারতীয় আতশবাজি জব্দ!

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়জুর রহমান বলেন, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দ্বীপে ফিরে এসেছে উৎসবের আমেজ। পর্যটকদের আগমনে সর্বত্র আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে। বিশেষ করে হোটেল-মোটেল ও পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যে দেখা দিয়েছে স্বস্তি ও ব্যাপক উচ্ছ্বাস।
এদিকে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী জানান, পর্যটকদের নিরাপত্তা ও দ্বীপের সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ, কোস্টগার্ড, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
তবে পর্যটন মৌসুমের আনন্দঘন সূচনার পাশাপাশি সেন্টমার্টিনের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দ্বীপের প্রবাল, সামুদ্রিক জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় পর্যটক, স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও প্রশাসনের সম্মিলিত দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।
সংশ্লিষ্টদের মতে, পরিকল্পিত ও পরিবেশবান্ধব পর্যটন নিশ্চিত করা গেলে একদিকে যেমন স্থানীয় অর্থনীতিতে গতি আসবে, অন্যদিকে সেন্টমার্টিনের প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্যও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করা সম্ভব হবে।

















