দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। চলতি বছরের সেপ্টেম্বরে প্রবাসীরা দেশে ২৭৪ কোটি ৫০ লাখ মার্কিন ডলার পাঠিয়েছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ২ শতাংশ বেশি। আর চলতি অর্থবছরের প্রথম তিন মাসে দেশে এসেছে ৮৫৯ কোটি ১০ লাখ ডলার প্রবাস আয়।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্যে এসব তথ্য জানা গেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের সেপ্টেম্বরে দেশে ২৬৮ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল। এক বছরের ব্যবধানে চলতি বছরের সেপ্টেম্বরে তা বেড়ে দাঁড়িয়েছে ২৭৪ কোটি ৫০ লাখ ডলারে। অর্থাৎ গত বছরের একই মাসের তুলনায় প্রবাস আয় বেড়েছে ২ দশমিক ২ শতাংশ।
৭০ বছর পর আসাম থেকে নৌপথে বাংলাদেশে পণ্যবাহী জাহাজ চলাচল শুরু!

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিক, অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ৮৫৯ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এই পরিমাণ ছিল ৭৫৮ কোটি ৬০ লাখ ডলার।
ফলে এক বছরের ব্যবধানে চলতি অর্থবছরের প্রথম তিন মাসে প্রবাস আয় বেড়েছে ১০০ কোটি ৫০ লাখ ডলার, যা শতাংশের হিসাবে ১৩ দশমিক ৩ শতাংশ বেশি।
বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, জুলাই থেকে সেপ্টেম্বর—এই তিন মাসে দেশে মোট ৮ দশমিক ৫৯১ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ৭ দশমিক ৫৮৬ বিলিয়ন ডলার।
এদিকে সেপ্টেম্বরের শেষ দিনেও উল্লেখযোগ্য পরিমাণ প্রবাস আয় দেশে এসেছে। গত ৩০ সেপ্টেম্বর এক দিনেই দেশে ১০ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।
রেমিট্যান্সের এই প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার জোগান এবং সামগ্রিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যানে চলতি অর্থবছরের শুরুতেই প্রবাস আয় বাড়ার এই চিত্র উঠে এসেছে।

















