ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হলসহ অন্তত ২০টি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার গভীর রাতে আগুনের সূত্রপাতের পর তা দ্রুত আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনলেও পুড়ে গেছে সিনেমা হলসংলগ্ন এলপিজি সিলিন্ডারের গুদাম, ডেকোরেশন সামগ্রী ও পুরোনো কাপড়ের দোকানসহ একাধিক প্রতিষ্ঠান।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাত সোয়া ২টার দিকে ঝলমল সিনেমা হল এলাকায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত ৩টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী জানান, অগ্নিকাণ্ডে সিনেমা হলসংলগ্ন এলপিজি সিলিন্ডারের গুদাম, ডেকোরেশন সামগ্রীর দোকান, পুরোনো কাপড়ের দোকানসহ বেশ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে গেছে।
বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে নেতা বললেন ‘আলহামদুলিল্লাহ’!

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, সিনেমা হলের পাশের এলপিজি সিলিন্ডারের গুদাম থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
স্থানীয়রা জানান, গভীর রাতে হঠাৎ আগুনের সূত্রপাত হওয়ার পর মুহূর্তের মধ্যেই তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা বেশি থাকায় ব্যবসায়ীরা দ্রুত দোকান থেকে মালামাল বের করে নিরাপদ স্থানে সরিয়ে নিতে পারেননি। এতে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয়দের কাছে দীর্ঘদিনের পরিচিত ঝলমল সিনেমা হলটি একটি পুরোনো জমিদার বাড়িতে পরিচালিত হয়ে আসছিল। দীর্ঘ সময় ধরে এটি গৌরীপুরের মানুষের বিনোদনের অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। আগুনে ঐতিহ্যবাহী এই সিনেমা হলের পাশাপাশি আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে।
অগ্নিকাণ্ডে মোট কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্ত শেষে জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
















