শাহ আলম, কুড়িগ্রাম:
কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়ন পৃথক অভিযান চালিয়ে দুই জন মাদক কারবারিকে ইয়াবাসহ গ্রেফতার করেছে। এ ছাড়া অভিযানে ভারতীয় প্যান্ট পিস, ওষুধসহ বিভিন্ন চোরাচালানি মালামাল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত এসব অবৈধ মালামালের মূল্য আনুমানিক ৩ লাখ ৫৩ হাজার ৭০০ টাকা।
গ্রেফতারকৃত আসামিরা হলেন ভূরুঙ্গামারী উপজেলার আরজি পাইপডাঙ্গা গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে হাফিজুর রহমান (২২) এবং বঙ্গ সোনাহাট এলাকার উত্তর ভরতের ছড়া গ্রামের শামসুলের ছেলে শাকিল (২৪)।
কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত সোমবার (৫ অক্টোবর) রাতে পৃথক অভিযান চালিয়ে সাড়ে ৩ লাখ টাকার চোরাচালানি মালামাল উদ্ধার করা হয়। এ ছাড়া ভূরুঙ্গামারী উপজেলার বাবুরহাট সীমান্ত এলাকা থেকে দুই জন মাদক কারবারিকে ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে বিজিবির টহলরত জওয়ানরা। আজ মঙ্গলবার (৬ অক্টোবর) ভূরুঙ্গামারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। ওই মামলায় আসামিদের আজ দুপুরে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।
বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে নেতা বললেন ‘আলহামদুলিল্লাহ’!

তিনি আরও বলেন, “জাতীয় সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত সুরক্ষায় কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে দায়িত্ব পালন করছে। সীমান্ত অপরাধ দমন, মাদক পাচার রোধ এবং চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে কুড়িগ্রাম ব্যাটালিয়ন সর্বদা প্রস্তুত। সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাকারবারিদের যেকোনো দেশবিরোধী অপতৎপরতা নস্যাৎ এবং জনসাধারণের মনে স্বস্তি ও নিরাপত্তা বজায় রাখতে বিজিবির এই কঠোর নজরদারি ও আভিযানিক তৎপরতা অব্যাহত থাকবে।”

















