গাজীপুর সংবাদদাতা:
কেয়া কসমেটিকসসহ বিভিন্ন সুপরিচিত ব্র্যান্ডের নাম ব্যবহার করে নকল সাবান ও ডিটারজেন্ট পাউডার তৈরি, প্যাকেটজাত এবং বাজারজাত করার অভিযোগে গাজীপুরের একটি প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার (১২ অক্টোবর) গাজীপুর জেলা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে গাজীপুর মহানগরীর সদর থানাধীন দক্ষিণখান এলাকায় ‘ইনোভেটিম হোম কেয়ার’ নামের প্রতিষ্ঠানটিতে এই অভিযান চালানো হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে ৯৫ হাজার টাকা অর্থদণ্ড দেন গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাশফিকুর রহমান আবরার।
গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাশফিকুর রহমান আবরার বলেন, “প্রতিষ্ঠানটি নিজস্ব ব্র্যান্ডের পরিবর্তে অন্য সুনামধন্য প্রতিষ্ঠানের নাম ও লোগো ব্যবহার করে অবৈধভাবে সাবান ও ডিটারজেন্ট পাউডার তৈরি করছিল। এ ধরনের কার্যক্রম সম্পূর্ণ আইনবিরোধী।”
ফেনীতে মফস্বল সাংবাদিক ইউনিয়নের জেলা কমিটির সাধারণ সভা

এনএসআই সূত্রে জানা গেছে, ‘ইনোভেটিম হোম কেয়ার’ প্রতিষ্ঠানের নিজস্ব পণ্য তৈরির প্রয়োজনীয় লাইসেন্স থাকলেও তারা কেয়া কসমেটিকস, বিএমটিএফ, মিনিস্টার ও কাজী ব্র্যান্ডের নাম ব্যবহার করে নকল সাবান ও ডিটারজেন্ট পাউডার তৈরি, প্যাকেটজাত এবং বাজারজাত করে আসছিল বলে সুনির্দিষ্ট অভিযোগ ছিল।

















