রাজধানীর সেগুনবাগিচায় দখলমুক্ত ফুটপাতের সৌন্দর্য বাড়াতে দেয়ালে যুক্ত করা হয়েছে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, পল্লিকবি জসীমউদ্দীন ও কবি জীবনানন্দ দাশের প্রতিকৃতি। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে নেওয়া এ কর্মসূচির মাধ্যমে দেয়ালজুড়ে দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতির বরেণ্য ব্যক্তিদের প্রতিকৃতির সংখ্যা আরও বাড়ল। পাশাপাশি পথচারীদের চলাচলের সুবিধার্থে ফুটপাতটি সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজও করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ডিএসসিসির উদ্যোগে বাংলাদেশ শিল্পকলা একাডেমি-সংলগ্ন ফুটপাতের পাশের দেয়ালে নতুন তিনটি প্রতিকৃতি আঁকা হয়।
এর আগে ওই দেয়ালে শিল্পাচার্য জয়নুল আবেদিন, চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামসহ শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা ১০ গুণী ব্যক্তির প্রতিকৃতি আঁকা হয়েছিল। নতুন তিনটি প্রতিকৃতি যুক্ত হওয়ায় দেয়ালটি আরও সমৃদ্ধ হয়েছে। তবে নতুন প্রতিকৃতি আঁকার সময় সাংবাদিক ও সংগীতশিল্পী সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতিটি বাদ দেওয়া হয়েছে।
তাহিরপুরে বাগলী উচ্চ বিদ্যালয়ে ছাত্র-শিক্ষক-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

নতুন প্রতিকৃতি সংযোজনের বিষয়ে ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মাহবুবুর রহমান তালুকদার গণমাধ্যমকে বলেন, এটি তাঁদের পরিকল্পনার অংশ। ভবিষ্যতে আরও গুণী ব্যক্তির প্রতিকৃতি যুক্ত করা হবে। এ জন্য আরও কয়েকটি দেয়াল নির্ধারণ করা হয়েছে, যেখানে দ্রুত কাজ শুরু হবে।
সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে অন্য প্রতিকৃতি আঁকার বিষয়ে তিনি বলেন, বর্তমান দেয়ালে থাকা ব্যক্তিদের সঙ্গে সঞ্জীব চৌধুরীর সময়ের ব্যবধান রয়েছে। এ ছাড়া অনেকে সেখানে আইয়ুব বাচ্চু ও আজম খানের মতো সংগীতশিল্পীদের প্রতিকৃতি না থাকার বিষয়টিও তুলে ধরেছেন। তরুণ প্রজন্মের প্রতিনিধিদের নিয়েও তাঁদের পরিকল্পনা রয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় তাঁদের প্রতিকৃতি স্থাপনের পরিকল্পনা করা হচ্ছে বলে জানান তিনি।
প্রতিকৃতি আঁকার পাশাপাশি ফুটপাতটির অবকাঠামোগত উন্নয়নও করা হয়েছে। পথচারীদের বসার জন্য বেঞ্চ স্থাপন, ময়লা ফেলার জন্য ডাস্টবিন বসানো এবং সীমানাপ্রাচীর সংস্কারের কাজ সম্পন্ন করা হয়েছে। আগে ফুটপাতটির একাংশ দখলে থাকলেও তা উচ্ছেদ করে পথচারীদের চলাচলের উপযোগী করার উদ্যোগ নেয় ডিএসসিসি।
গত ৫ অক্টোবর ফুটপাতটির সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, রাজধানীর সড়ক ও ফুটপাত দখল করে হকারদের বসতে দেওয়া হবে না। তবে হকারদের জীবিকার বিষয়টি বিবেচনায় রেখে তাঁদের জন্য বিকল্প স্থানে বসার ব্যবস্থা করা হয়েছে।
রাজধানীকে পরিচ্ছন্ন ও সবুজ রাখতে নগরবাসীর সহযোগিতা কামনা করে ডিএসসিসির প্রশাসক আরও বলেন, ঢাকাকে পরিচ্ছন্ন ও সবুজ রাখা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি নগরবাসীরও দায়িত্ব।

















