প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনের জাপান সফরে তাঁর সফরসঙ্গী হিসেবে যাচ্ছেন আমজনতা দলের সদস্যসচিব তারেক রহমান। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে আজ রোববার রাতে টোকিওর উদ্দেশে ঢাকা ছাড়ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। নিজের ফেসবুক পোস্টে জাপান সফরের বিষয়টি নিশ্চিত করেছেন আমজনতা দলের এই নেতা।
রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে আমজনতা দলের সদস্যসচিব তারেক রহমান জানান, তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন। পোস্টে প্রধানমন্ত্রীর সঙ্গে করমর্দনরত অবস্থায় তাঁর একটি হাস্যোজ্জ্বল ছবি যুক্ত করে তিনি লেখেন, ‘আজ জাপান যাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে। ভালোবাসা সবাইকে।’
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত জাপানে অবস্থান করবেন। সফরে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পাবে।
কমনওয়েলথ সম্মেলনে বাংলাদেশের নেতৃত্ব দেবেন হুমায়ুন কবির!

সফরকালে মেট্রোরেলসহ বাংলাদেশের চলমান অবকাঠামো প্রকল্পগুলোর ব্যয় এবং ঋণের সুদের হার কমানোর বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। একই সঙ্গে বাংলাদেশে জাপানি বিনিয়োগ আকর্ষণ এবং দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্ব আরও সম্প্রসারণের বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি সোমবার স্থানীয় সময় সকাল ৯টা ২৫ মিনিটে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। সেখানে জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী নাকাসোনে ইয়াসুতাকা তাঁকে স্বাগত জানাবেন। সফরকালে প্রধানমন্ত্রী টোকিওর ইম্পেরিয়াল হোটেলে অবস্থান করবেন।
















