সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি শুধু ভোট নেওয়ার জন্য রাজনীতি করে না, বরং সাধারণ মানুষের ভাগ্য উন্নয়ন এবং শ্রেণি-ধর্ম নির্বিশেষে সবার পাশে দাঁড়ানোর লক্ষ্যেই রাজনীতি করে। তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরি ও তাদের সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে দিনব্যাপী চাকরি মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সমাজকল্যাণমন্ত্রী।
ডা. এজেড এম জাহিদ হোসেন বলেন, সাধারণ মানুষের ভাগ্যোন্নয়ন এবং তাদের পাশে দাঁড়ানো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ। বর্তমান সরকারের প্রধানমন্ত্রীও একই রাজনৈতিক দর্শন ধারণ করেন। সেই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবেই চাকরি মেলার আয়োজন করা হয়েছে।
প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, জামায়াত নেতার চার পদে অব্যাহতি!

দিনাজপুরের বিভিন্ন অঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, সামগ্রিকভাবে এ অঞ্চল দীর্ঘদিন ধরে অবহেলিত। ভৌগোলিক অবস্থানের কারণে এখানকার মানুষের নানা সীমাবদ্ধতা রয়েছে। দিনাজপুর জেলা শহর থেকেও এ অঞ্চলের দূরত্ব প্রায় ১১০ কিলোমিটার। এ পরিস্থিতি থেকে উত্তরণে স্থানীয় উন্নয়ন ত্বরান্বিত করার পাশাপাশি তরুণ-তরুণীদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করা প্রয়োজন।
তিনি আরও বলেন, তরুণদের জাগিয়ে তোলা এবং কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে তাঁদের সচেতন করাই চাকরি মেলার অন্যতম উদ্দেশ্য। এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে তিনি আশা প্রকাশ করেন। ভবিষ্যতে আরও বড় পরিসরে ও কার্যকরভাবে চাকরি মেলার আয়োজন করতে সম্মিলিত উদ্যোগের ওপরও গুরুত্ব দেন তিনি।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, দিনাজপুর-৬ আসনের পাশাপাশি পুরো দিনাজপুর জেলাকে দেশের সামনে সম্ভাবনাময় ও সক্ষম অঞ্চল হিসেবে তুলে ধরতে হবে। নতুন প্রজন্মের জন্য কর্মসংস্থান ও উন্নয়নের সুযোগ বাড়াতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
আয়োজকদের তথ্য অনুযায়ী, চাকরি মেলায় বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানসহ শতাধিক প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এতে চাকরিপ্রত্যাশীদের ২৪ হাজারের বেশি আবেদন জমা পড়েছে। মেলাটি বিকেল ৫টা পর্যন্ত চলার কথা ছিল। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
















