চার দফা দাবি আদায়ে রাজধানীর শাহবাগে গণবিক্ষোভ কর্মসূচি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ, সংবিধান সংস্কার পরিষদ গঠন, বিতর্কিত আইন বাতিল এবং জুলাই গণহত্যার বিচার কার্যকরের দাবিতে শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে এ কর্মসূচি শুরু হয়। এতে দলের আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম এবং সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেনসহ কেন্দ্রীয় নেতারা অংশ নিয়েছেন।
শুক্রবার বিকেল ৪টার দিকে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এনসিপির উদ্যোগে এ গণবিক্ষোভ শুরু হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন এনসিপির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে দলের সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেনের। এ ছাড়া দলের রাজনৈতিক পর্ষদের শীর্ষ নেতারাও কর্মসূচিতে বক্তব্য দেবেন বলে জানা গেছে।
তাহসিফের পরিবার মামলা না করলে বাদী হবে পুলিশ: নৌপুলিশ প্রধান


গণবিক্ষোভ থেকে এনসিপি চারটি দাবি তুলে ধরেছে। দলটির প্রথম দাবি, ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। দ্বিতীয়ত, একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত করে গণভোটের গণরায়ের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে।
এ ছাড়া মানবাধিকার ও বাকস্বাধীনতার পরিপন্থি সব ধরনের আইন বাতিল এবং সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনী পাস না করার দাবি জানিয়েছে দলটি। তাদের চতুর্থ দাবি, জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করে অবিলম্বে রায় কার্যকর করতে হবে।
এসব দাবি আদায়ে শাহবাগের গণবিক্ষোভ কর্মসূচি থেকে পরবর্তী সময়ে কী ধরনের কর্মসূচি ঘোষণা করা হয়, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আগ্রহ তৈরি হয়েছে।
















