আগামী স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) বিজয়ী করতে নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, প্রতিটি ওয়ার্ডে এনসিপির শক্তিশালী অবস্থান গড়ে তুলতে হবে। পাশাপাশি সরকারের বিভিন্ন সিদ্ধান্ত ও কর্মকাণ্ডের বিষয়ে জনগণ আগামী নির্বাচনে কী প্রতিক্রিয়া জানায়, তা দেখার অপেক্ষায় রয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে চার দফা দাবিতে আয়োজিত গণবিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন আসিফ মাহমুদ। এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
বক্তব্যে আসিফ মাহমুদ বলেন, ঢাকা শহরের জনগণ গ্যাস, তেল ও বিদ্যুতের দাম বাড়ানো সরকারের পক্ষে ভোট দেবে, নাকি জনগণের প্রকৃত প্রতিনিধিদের নির্বাচিত করবে, তা আগামী স্থানীয় সরকার নির্বাচনেই দেখা যাবে।
তহবিল থেকে নিয়মবহির্ভূতভাবে অর্থ উত্তোলনের অভিযোগ; উশু সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষকে শোকজ

তিনি আরও বলেন, যারা রাড্ডার মতো ক্লিনিক গুঁড়িয়ে দিয়েছে, যাদের আমলে চাঁদাবাজির মাত্রা বেড়েছে, এমনকি যাদের হাত থেকে ফুটপাতও রক্ষা পায়নি, জনগণ কি তাদের ভোট দেবে? নাকি গণবিক্ষোভে উপস্থিত প্রকৃত প্রতিনিধিদের ভোট দিয়ে নির্বাচিত করবে?
নেতাকর্মীদের উদ্দেশে এনসিপির এই নেতা বলেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে। প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে জাতীয় নাগরিক পার্টির শক্তিশালী অবস্থান ও দুর্গ গড়ে তুলতে হবে। আগামী স্থানীয় সরকার নির্বাচনে এনসিপিকে বিজয়ী করাই হবে নেতাকর্মীদের লক্ষ্য।
















