মস্তিষ্কে টিউমার শনাক্ত হওয়া, অস্ত্রোপচার ও দীর্ঘ চিকিৎসার কারণে প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে ছিলেন জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দীর্ঘ এই বিরতি কাটিয়ে অবশেষে আবারও শুটিংয়ে ফিরেছেন তিনি। ‘অংশীদার’ নামের নতুন একটি নাটকে অভিনয়ের মধ্য দিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন এই অভিনেত্রী। তার কাজে ফেরার খবরে আনন্দ প্রকাশ করেছেন ভক্ত ও সহকর্মীরা।
ইকসান রনির গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত হচ্ছে নাটক ‘অংশীদার’। সম্প্রতি নাটকটির শুটিংয়ের সময় ধারণ করা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন নির্মাতা। ছবিগুলোর সঙ্গে তানিয়া বৃষ্টিকে স্বাগত জানিয়ে তিনি লেখেন, ‘ওয়েলকাম ব্যাক তানিয়া বৃষ্টি’। নির্মাতার এই বার্তায় স্পষ্ট, দীর্ঘ বিরতির পর অভিনেত্রীর কাজে ফেরাকে ঘিরে নির্মাণসংশ্লিষ্টদের মধ্যেও রয়েছে উচ্ছ্বাস।
নির্মাতা জানিয়েছেন, নাটকটিতে তানিয়া বৃষ্টির অংশের শুটিং শেষ হয়েছে। এতে আরও অভিনয় করেছেন দেশের গুণী অভিনেতা ফজলুর রহমান বাবু, ডলি জহুর, নন্দী জুয়েল, আর সি অরণ্য, আশরাফুল আশীষ, পংকজ মজুমদারসহ আরও অনেকে।
জিতের দীর্ঘায়ু কামনায় করওয়া চৌথের ব্রত পালন করলেন স্ত্রী মোহনা!

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানিয়া বৃষ্টি। শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করানো হয়। পরে তার মস্তিষ্কে টিউমার শনাক্ত হয়। এরপর ঢাকায় অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার অপসারণ করা হয়। তবে উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় পরবর্তী সময়ে ভারতের চেন্নাইয়ে যান তিনি। সেখানে তার আরও একটি অস্ত্রোপচার সম্পন্ন হয়।
গুরুতর অসুস্থতা ও দীর্ঘ চিকিৎসার কারণে অভিনয়জগৎ থেকে দূরে থাকতে হয়েছিল এই অভিনেত্রীকে। অবশেষে সুস্থ হয়ে আবারও কাজে ফেরায় তার ভক্তদের মধ্যে স্বস্তি ও আনন্দ ছড়িয়ে পড়েছে। নতুন নাটক ‘অংশীদার’-এর মাধ্যমে অভিনয়ে তার এই প্রত্যাবর্তন নিঃসন্দেহে ক্যারিয়ারের নতুন অধ্যায়ের সূচনা।
















