ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করার খবর প্রকাশ্যে আসার পর তাঁকে নিয়ে কটাক্ষ করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, শেখ হাসিনার দেশে ফিরতে পাসপোর্টের প্রয়োজন নেই; তাঁকে বিমানে নয়, খাঁচায় করে আসতে হবে।
সোমবার (৯ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ লেখেন, ‘পাসপোর্ট লাগবে না আপা। বিমানে নয়, খাঁচায় আসতে হবে। আর সেটা রেডি আছে।’
শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করার খবর প্রকাশের পরপরই তাঁর এই মন্তব্য সামনে আসে। পোস্টটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়েছে।
শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াকে ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বললেন চিফ প্রসিকিউটর

এর আগে দুই বছরের বেশি সময় ধরে ভারতে অবস্থান করা শেখ হাসিনা দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।
রয়টার্সের দেখা একটি চিঠি অনুযায়ী, সোমবার (৯ নভেম্বর) দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনার পক্ষে এই আবেদন করা হয়। ২০২৪ সালে দেশ ছাড়ার পর বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে এটিই তাঁর পক্ষ থেকে প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
চিঠিতে শেখ হাসিনার আইনজীবীরা তাঁর আগের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল হওয়ার বিষয়টি উল্লেখ করে নতুন পাসপোর্ট ও এনআইডি দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।
লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে চিঠিটি পাঠান।
উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতে অবস্থান করছেন। তাঁর নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন এবং দেশে ফেরার সম্ভাবনা নিয়ে নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে।
















