ব্যবসায়িক সংকট, ব্যাংকঋণ ও কারখানা বন্ধের খবর ঘিরে আলোচনায় রয়েছেন ঢালিউড অভিনেতা ও প্রযোজক অনন্ত জলিল। এমন কঠিন সময়ে তাদের পাশে দাঁড়ানো, ভালোবাসা প্রকাশ এবং পরিবারের জন্য দোয়া করায় সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তার স্ত্রী চিত্রনায়িকা বর্ষা। একই সঙ্গে স্বামী, সন্তানসহ পরিবারের সব সদস্যের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
শুক্রবার (১৩ নভেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বর্ষা এসব কথা জানান। পোস্টে তিনি লেখেন, তাদের জন্য মানুষের দোয়া, ভালোবাসা ও আন্তরিকতা পেয়ে তারা কৃতজ্ঞ। মানুষের এই ভালোবাসা তাদের সাহস ও অনুপ্রেরণা জোগাচ্ছে। কঠিন সময়ে যারা তাদের পাশে রয়েছেন, সবার প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এই অভিনেত্রী।
জীবনের বাস্তবতা তুলে ধরে বর্ষা লেখেন, ব্যবসা-বাণিজ্য কিংবা পরিস্থিতি সব সময় এক রকম থাকে না। জীবনে কখনো ভালো সময় আসে, আবার কখনো কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়। এটাই জীবনের স্বাভাবিক নিয়ম। আল্লাহর ওপর ভরসা রেখেই তারা সামনে এগিয়ে যেতে চান।
খরচ বাঁচাতে মায়ের শাড়িই পরেন প্রভা, জানালেন মজার অভ্যাস!

পোস্টে সবার কাছে পরিবারের জন্য দোয়া চেয়ে বর্ষা আরও লেখেন, আল্লাহ যেন সবাইকে ভালো ও সুস্থ রাখেন, সবার রিজিকে বরকত দেন এবং দেশের প্রতিটি মানুষকে শান্তিতে থাকার তৌফিক দান করেন।
নিজের পাশাপাশি স্বামী অনন্ত জলিল, সন্তান ও পরিবারের অন্য সদস্যদের জন্যও দোয়া চেয়েছেন তিনি। আল্লাহ যেন তাদের সব বিপদ-আপদ থেকে হেফাজত করেন, জীবনের প্রতিটি পদক্ষেপ সহজ করে দেন এবং সবার মনের নেক ইচ্ছা পূরণ করেন—এমন প্রার্থনাও জানিয়েছেন বর্ষা। পোস্টের শেষাংশে সবাইকে তাদের দোয়ায় রাখার অনুরোধ জানিয়ে ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, সম্প্রতি অনন্ত জলিলের মালিকানাধীন এবি অ্যাপারেলস লিমিটেডের ঋণের বিপরীতে ২২৬ কোটি ৭৫ লাখ টাকা আদায়ের দাবিতে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের আইনি নোটিশ পাঠানোর খবর প্রকাশিত হয়। পাশাপাশি তার কয়েকটি কারখানা বন্ধের পরিস্থিতি এবং শ্রমিকদের কর্মসংস্থান নিয়েও আলোচনা চলছে।
এমন পরিস্থিতিতে এর আগে নিজের জন্য দোয়া ও ইতিবাচক বার্তা দেওয়া ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন অনন্ত জলিল। এবার একই কঠিন সময়ে পাশে থাকা মানুষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি স্বামী-সন্তানসহ পুরো পরিবারের জন্য দোয়া চাইলেন বর্ষা।

















