জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় শর্ট সার্কিটের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির এক কর্মকর্তা। বাড়ির বৈদ্যুতিক মিটার ও বিদ্যুৎ সরবরাহকারী ট্রান্সফরমারের সার্কিট ফিউজ অক্ষত থাকায় শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা দেখছেন না তারা। ফলে অন্য কোনো কারণে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন ওই কর্মকর্তা।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত চার সদস্যের তদন্ত কমিটির কাছে জবানবন্দি দেওয়ার পর এসব তথ্য জানান কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির প্রাগপুর জোনাল অফিসের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) তোজাম্মেল হক।
তিনি জানান, অগ্নিকাণ্ডের ঘটনার রাতেই তারা নুসরাত তাবাসসুমের বাড়িতে গিয়ে বিদ্যুৎ-সংক্রান্ত বিষয়গুলো পরীক্ষা করেন। এ সময় বাড়ির বৈদ্যুতিক মিটারটি অক্ষত অবস্থায় পাওয়া যায়। একইভাবে ওই বাড়িতে বিদ্যুৎ সরবরাহকারী ট্রান্সফরমারের সার্কিট ফিউজেও কোনো ধরনের ক্ষতি দেখা যায়নি।
ঘরে ঢুকে পড়ল বালুবোঝাই ট্রাক, প্রাণ গেল ঘুমন্ত মেয়ের, অন্তঃসত্ত্বা মা আহত!

তোজাম্মেল হকের ভাষ্য অনুযায়ী, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে বৈদ্যুতিক মিটার কিংবা ট্রান্সফরমারের সার্কিট ফিউজ পুড়ে যাওয়ার কথা। কিন্তু নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় এমন কোনো আলামত পাওয়া যায়নি। এ কারণে তাদের পর্যবেক্ষণে শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা দেখা যাচ্ছে না। অন্য কোনো কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে বলে মনে করছেন তারা।
এর আগে শুক্রবার দুপুরের পর থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রত্যক্ষদর্শীসহ সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তির বক্তব্য নেওয়া শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি। তদন্তের অংশ হিসেবে পল্লী বিদ্যুৎ সমিতির এই কর্মকর্তার বক্তব্যও গ্রহণ করা হয়।
উল্লেখ্য, গত বুধবার গভীর রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে আগুনের ঘটনা ঘটে। শুরু থেকেই নুসরাত দাবি করে আসছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়নি। তার অভিযোগ, বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।
এ ঘটনায় পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে দৌলতপুর থানায় মামলাও করেছেন তিনি। তবে আগুনের প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে। বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত কমিটি বিষয়টি খতিয়ে দেখছে।
















