গত সাত দিন ধরে সরাসরি ফোন ও হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু। এর আগেও এমন হুমকি পেয়েছেন বলে দাবি করেছেন তিনি। একই সঙ্গে সাম্প্রতিক সময়ে কুষ্টিয়ায় এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে আগুনের ঘটনার প্রসঙ্গ টেনে নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এই সংসদ সদস্য।
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব অভিযোগ করেন মাহমুদা মিতু। তিনি জাতীয় নারী শক্তির আহ্বায়ক এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য।
ফেসবুক পোস্টে মাহমুদা মিতু লেখেন, ‘গত সাতদিন ধরে সরাসরি ফোনে ও হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি পাচ্ছি। এর আগেও পেয়েছি। অথচ এসব বললেও হয়তো নুসরাতের ঘটনার মতোই বিষয়টিকে লঘু করার চেষ্টা হবে।’
পতিত স্বৈরাচারকে এ দেশে রাজনীতির সুযোগ দেবে না জনগণ: আইনমন্ত্রী

পোস্টে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি আরও লেখেন, ‘হাদি বলে গেছে, যতক্ষণ পর্যন্ত আমাদের ঘাড়ে-মাথায় গুলি না লাগবে, ততক্ষণ কারও গায়ে লাগবে না!’
এদিকে, বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে আবেগপ্রবণ হয়ে পড়া এবং একপর্যায়ে মেজাজ হারানোর বিষয়টিও নিজের পোস্টে তুলে ধরেছেন এই সংসদ সদস্য। তিনি লেখেন, সংসদে সেদিন প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। কারণ, জুলাই আন্দোলনে শহীদদের রক্ত, আহতদের আত্মত্যাগ এবং হান্নান মাসউদ ও নাহিদ ইসলামের মতো নেতাদের ভূমিকার ওপর দাঁড়িয়ে বর্তমান সংসদ গঠিত হয়েছে বলে তিনি মনে করেন।
কিন্তু সংসদে তাদের সঙ্গে যুক্তিতর্কে না পেরে তুই-তুকারি ও ‘বেয়াদব’ বলে অপমান করা হচ্ছে বলে অভিযোগ করেন মাহমুদা মিতু। তার ভাষায়, কথায় পেরে না উঠলেই কাউকে বেয়াদব আখ্যা দেওয়া হচ্ছে।
পোস্টের শেষাংশে হান্নান মাসউদকে সংসদে বারবার ‘বস, বস’ ও ‘বেয়াদব’ বলার প্রসঙ্গ তুলে নিজের প্রতিক্রিয়ার কথা জানান তিনি। মাহমুদা মিতু লেখেন, ‘হান্নানকে যখন বারবার ‘বস, বস’, ‘বেয়াদব’ বলা হচ্ছিল, তখন চিৎকার করে বলছিলাম হত্যার হুমকি, বাড়িতে আগুন তো আমাদের দেওয়া হয়।’
নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরে তিনি আরও লেখেন, আঁতাত করে চলা ব্যক্তিরা হয়তো বুঝতে পারবেন না, বাবা-মা, সন্তান এবং নিজের নিরাপত্তা অনিশ্চিত রেখে রাজনীতি করতে কতটা সাহসের প্রয়োজন।
তবে ফোন ও হোয়াটসঅ্যাপে হত্যার হুমকির অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো বক্তব্য বা হুমকির পেছনে কারা জড়িত, সে বিষয়ে বিস্তারিত তথ্য পোস্টে উল্লেখ করেননি মাহমুদা মিতু।

















