সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তার পাশে থাকার ঘোষণা দিয়েছেন ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান। একই সঙ্গে জুলাইয়ের পক্ষের শক্তিগুলোকে আবারও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দাবিও জানিয়েছেন এই ছাত্রদল নেতা।
বুধবার (১১ নভেম্বর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন আবিদুল ইসলাম খান।
পোস্টে তিনি লেখেন, ‘জুলাইয়ের সামগ্রিক শক্তি আবারও ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। এবার পারস্পরিক কাদা ছোড়াছুড়ি বন্ধ করুন। নিষিদ্ধ সংগঠনের প্রতিটি নেতাকর্মীর বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করুন। যাদের হাতে আমাদের হাজারো ভাইবোনের তাজা রক্ত, আমরা বেঁচে থাকতে এই মাটিতে সেই ফ্যাসিস্ট শক্তিকে কোনোভাবেই ফাংশন করতে দেব না।’
এমপি নুসরাতের বাড়িতে অগ্নিসংযোগে জামায়াত আমিরের নিন্দা!

নুসরাত তাবাসসুমকে জুলাই আন্দোলনের সহযোদ্ধা উল্লেখ করে আবিদুল আরও লেখেন, ‘নুসরাত আমাদের জুলাইয়ের কন্যা। আমার বোন, আমাদের সহযোদ্ধা। আমরা পূর্ণশক্তি নিয়ে নুসরাতদের পাশে আছি। যেখানেই ফ্যাসিস্ট শক্তির পদধ্বনি পাবেন, রুখে দাঁড়ান।’
পোস্টে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবিও জানান তিনি। শেখ হাসিনা ও তার দলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে সারাদেশে ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেন আবিদুল।
এর আগে বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১২টার পর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এনসিপির নেতারা অভিযোগ করেছেন, বাড়িটিতে পেট্রলবোমা হামলা চালানো হয়েছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে রাত ১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই বাড়িটির আটটি কক্ষের মধ্যে পাঁচটি পুড়ে যায়। আগুনে দুটি ছাগলও মারা গেছে।
নুসরাতের মা-বাবা বাড়ি থেকে ২০ থেকে ৩০ হাত দূরে অবস্থিত অন্য একটি তিনতলা ভবনের তৃতীয় তলায় থাকেন। ওই ভবনে আগুন লাগেনি। এ ঘটনায় সংসদ সদস্যের পরিবারের কেউ দগ্ধ হননি।
















