সৌদি আরবের পাশে দাঁড়িয়ে যুদ্ধ করতে বাংলাদেশের ১৮ কোটি মুসলমান প্রস্তুত রয়েছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি। সৌদি সরকার যুদ্ধের আহ্বান জানালে বাংলাদেশের মুসলমানরা দেশটির পাশে দাঁড়াবেন বলে ঘোষণা দিয়েছেন তিনি। একই সঙ্গে সৌদি আরবে হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে আন্তর্জাতিক আইনের আওতায় বিচারের দাবি জানিয়েছেন এই ধর্মীয় নেতা।
শুক্রবার (১৩ নভেম্বর) জুমার নামাজের পর রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন হাবিবুল্লাহ মিয়াজি। সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও মদিনায় ক্ষেপণাস্ত্র হামলার প্রতিবাদে বাংলাদেশ খেলাফত আন্দোলন এ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে বক্তব্য দিতে গিয়ে হাবিবুল্লাহ মিয়াজি বলেন, সৌদি আরবের পাশে শুধু বাংলাদেশের মুসলমানরাই নন, সারা বিশ্বের প্রায় ২০০ কোটি মুসলমান রয়েছেন। বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে তারা সৌদি আরবের প্রতি সংহতি প্রকাশ করছেন। সৌদি সরকার যুদ্ধের আহ্বান জানালে বাংলাদেশের ১৮ কোটি মুসলমান দেশটির পাশে থেকে যুদ্ধ করতে প্রস্তুত রয়েছেন।
পতিত স্বৈরাচারকে এ দেশে রাজনীতির সুযোগ দেবে না জনগণ: আইনমন্ত্রী

এ সময় অতীতের একটি ঘটনার প্রসঙ্গও তুলে ধরেন তিনি। হাবিবুল্লাহ মিয়াজি বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামলে মক্কার পবিত্র মসজিদুল হারামে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার পর সৌদি সরকার বাংলাদেশের সহযোগিতা চেয়েছিল। তখন বাংলাদেশ থেকে সেনাবাহিনীর একটি দল পাঠানো হয়েছিল, যারা হারাম শরিফ থেকে সন্ত্রাসীদের উৎখাতে ভূমিকা রেখেছিল বলে তিনি উল্লেখ করেন। অতীতের মতো বর্তমানেও বাংলাদেশ সৌদি আরবের পাশে রয়েছে বলে মন্তব্য করেন খেলাফত আন্দোলনের আমির।
সৌদি আরবে হামলার ঘটনায় আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান তিনি। তার দাবি, জাতিসংঘের মাধ্যমে হামলার সঙ্গে জড়িত হুথিদের সুনির্দিষ্টভাবে শনাক্ত করতে হবে এবং তাদের বিচারের আওতায় আনতে হবে। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে যারা সৌদি আরবে হামলা চালিয়েছে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
এ ছাড়া ঢাকায় অবস্থিত সৌদি দূতাবাসের উদ্দেশে হাবিবুল্লাহ মিয়াজি বলেন, বাংলাদেশের মুসলমানরা সৌদি আরবের পাশে রয়েছেন। প্রয়োজনে বিশ্ব মুসলিম ঐক্যের আহ্বান জানানো হলে বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানরাও দেশটির পাশে দাঁড়াবেন।
সমাবেশে বাংলাদেশ খেলাফত আন্দোলনের অন্যান্য নেতাকর্মীরাও বক্তব্য দেন। পরে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মক্কা ও মদিনায় হামলার প্রতিবাদ এবং সৌদি আরবের প্রতি সংহতি প্রকাশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।
















