স্থানীয় আলেম-ওলামা ও কয়েকটি রাজনৈতিক দলের একাংশের বিরোধিতার মধ্যেই নারায়ণগঞ্জের বন্দরে তাফসিরুল কোরআন মাহফিলে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ও আলোচিত ইসলামি বক্তা মুফতি আমির হামজা। সব ধরনের বাধা ও ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলার কথাও জানিয়েছেন তিনি।
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে নিজের যাচাইকৃত ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নারায়ণগঞ্জবাসীকে মাহফিলে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান আমির হামজা। সেখানে তিনি লেখেন, ‘প্রিয় নারায়ণগঞ্জ, আমি আসছি বন্দর থানার ২৫ নম্বর ওয়ার্ডের ঐতিহাসিক ফুটবল মাঠে। সকলকে জানাই আন্তরিক আমন্ত্রণ। দেখা হবে, কথা হবে, ইনশাআল্লাহ।’ একই পোস্টে সব ধরনের বাধা ঐক্যবদ্ধভাবে মোকাবিলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
আয়োজকদের তথ্য অনুযায়ী, সোমবার বন্দর থানার তারতীলুল কোরআন আহমাদীয়া মাদ্রাসার উদ্যোগে এ মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে মুফতি আমির হামজার।
নাগরিকত্ব থাকলেই মিলবে না পাসপোর্ট, শেখ হাসিনাকে ফেরাতে প্রত্যর্পণ চুক্তির ওপর জোর শামার!

এর আগে গত শনিবার (১৪ নভেম্বর) বন্দরের লক্ষণখোলা মাহমুদীয়া মাদ্রাসায় স্থানীয় আলেম-ওলামা ও বিভিন্ন রাজনৈতিক দলের একাংশের নেতারা বৈঠক করেন। বৈঠক থেকে যেকোনো মূল্যে আমির হামজার নারায়ণগঞ্জে আগমন প্রতিহত করার ঘোষণা দেওয়া হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ ঘোষণার পর থেকেই মাহফিলকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে নিজের অবস্থান জানিয়ে মাহফিলে যোগ দেওয়ার ঘোষণা দিলেন আমির হামজা।

















