দেশের বিদ্যুৎ চাহিদার বড় একটি অংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের পরিকল্পনা নিয়েছে সরকার। ২০৩০ সালের মধ্যে সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য উৎস থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে সহায়ক নীতি প্রণয়নের পাশাপাশি বড় পরিসরে সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে গুরুত্ব দিচ্ছে সরকার।
সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর বিদ্যুৎ ভবনে সোনাগাজী ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের স্টার্ট-আপ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
প্রতিমন্ত্রী বলেন, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণ করতে চায় সরকার। একই সময়ের মধ্যে নবায়নযোগ্য উৎস ব্যবহার করে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করাই সরকারের লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে সরকার ইতোমধ্যে সহায়ক নীতি প্রণয়ন করেছে।
শেখ হাসিনাকে অপরাধী হিসেবেই ফেরত চায় সরকার: শামা ওবায়েদ

তিনি বলেন, নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্যমাত্রা অর্জনে সোনাগাজী ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রকল্পটি সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হলে ভবিষ্যতে এ ধরনের আরও প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে এখানকার অভিজ্ঞতা কাজে লাগানো যাবে।
প্রকল্পের কাজের গুণগত মান বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, বাস্তবায়নের ক্ষেত্রে কোনোভাবেই কাজের মানের সঙ্গে আপস করা যাবে না। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে হবে।
সরকারের এই পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের বিদ্যুৎ উৎপাদনে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানোর পাশাপাশি সৌরবিদ্যুৎসহ পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়ানোর সুযোগ তৈরি হবে। তবে নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা অর্জনে নতুন প্রকল্প বাস্তবায়ন, বিনিয়োগ এবং কাজের মান নিশ্চিত করা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
















