মো. শফিকুল ইসলাম, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে গত তিন দিন ধরে গাজীপুরের কালিয়াকৈরে যে অস্থিরতা চলছিল, সোমবার (১৬ নভেম্বর) তা অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে, খোলা কারখানাগুলোতে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে ফিরেছেন। তবে শ্রম আইনের ১৩(১) ধারায় এখনো ২০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। অপরদিকে শ্রমিক সেজে নাশকতার অভিযোগে গত শনিবার গ্রেফতার হওয়া ছাত্রলীগের ২০ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত শনিবার সকাল সোয়া ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকার ৮ থেকে ১০টি কারখানার শ্রমিকরা হাজিরা দিয়ে কারখানা থেকে বেরিয়ে এসে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। অ্যাপেক্স কারখানার এক নারী শ্রমিক আহত হওয়ার পর তার মৃত্যুর গুজব এবং বেতন বৃদ্ধির দাবিতে তারা বিক্ষোভ শুরু করেন। মুহূর্তের মধ্যে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং কিলোমিটারের পর কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ, শিল্প পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে পৌঁছায়। এরই একপর্যায়ে ম্যাজিস্ট্রেটের সরকারি গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। তবে অলিগলি থেকে বেরিয়ে ফের অবরোধের চেষ্টা চালানো হয়। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, মহাসড়ক অবরোধ করে বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের কর্মী বলে নিশ্চিত হয়েছে পুলিশ।
রবিবার সকালে মৌচাক, সফিপুর, কোনাবাড়ি ও পল্লীবিদ্যুৎ এলাকার বিভিন্ন কারখানায় গিয়ে দেখা যায়, কাজে যোগ দিতে এসে বন্ধের নোটিশ দেখে ফিরে যাচ্ছেন শ্রমিকরা। সেদিন পল্লীবিদ্যুৎ এলাকায় অ্যাপেক্স ফুটওয়্যার, অ্যাপেক্স ফোল্ডিং, ইকোটেক্স, ডিভাইসসহ ২০টি কারখানার ফটকে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ টাঙানো হয়। মৌচাক, সফিপুর ও কোনাবাড়ি এলাকার আরও অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে জুড়ীতে সংবাদ সম্মেলন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশে হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরা পুলিশ সদস্যরা লাঠি হাতে অবস্থান নেন। বিজিবি সদস্যরা ঢাল ও অস্ত্র নিয়ে টহল দেন। শিল্প পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, মৌচাক এলাকায় শ্রমিকদের আড়ালে কিছু দুষ্কৃতকারী লোক, যারা নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন অংশের নেতাকর্মী, তারা রাস্তায় ব্যারিকেড দেওয়ার চেষ্টা করেছিল। পুলিশের পর্যাপ্ত উপস্থিতির কারণে তারা তা করতে পারেনি, ছত্রভঙ্গ হয়ে গেছে।
সেদিন একজন স্থানীয় নেতা মন্তব্য করে বলেন, এই আন্দোলনটা একটা শ্রেণি, যারা এই দেশকে বিগত ১৭ বছর লুটপাট করে ফেলেছে, তাদের যারা দোসর, এটা তাদের একটা নীলনকশা। তিনি শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানান।
এদিকে সোমবার (১৬ নভেম্বর) শিল্পাঞ্চলের পরিস্থিতি নিয়ে গাজীপুর শিল্প পুলিশের সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুরে ২০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া পরিস্থিতি বিবেচনায় আরও ৮ থেকে ১০টি কারখানায় সোমবারের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
২০০৬ সালের শ্রম আইনের ১৩(১) ধারা মোতাবেক কালিয়াকৈরের পল্লীবিদ্যুৎ এলাকার ইন্টারস্টফ অ্যাপারেলস লিমিটেড কারখানাসহ মৌচাক ও কোনাবাড়ি এলাকার ২০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পুলিশ সুপার আরও জানান, কারখানা কর্তৃপক্ষ যেকোনো সময় এসব কারখানা খুলে দিতে পারে। কারখানাগুলোর নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন।
এরই মধ্যে অনন্ত গ্রুপ থেকে সুখবর এসেছে। গত ১২ নভেম্বর শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ ঘোষণা করা অনন্ত অ্যাপারেলস লিমিটেড, অনন্ত ফ্যাশন লিমিটেড ও অনন্ত ডিজাইন লিমিটেড, এই তিনটি কারখানা সোমবার (১৬ নভেম্বর) থেকে পুনরায় চালু হয়েছে। কারখানা কর্তৃপক্ষের নোটিশে বলা হয়, বর্তমানে শ্রমিক অসন্তোষ নিরসনে কারখানা কর্তৃপক্ষ এবং কর্মরত শ্রমিক-কর্মচারীদের মধ্যে অনুষ্ঠিত আলোচনা, সামগ্রিক পরিস্থিতির উন্নতি এবং সার্বিক দিক বিবেচনায় নিয়ে ১৬ নভেম্বর (সোমবার) থেকে সকল ইউনিটের উৎপাদন কার্যক্রম পুনরায় চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে ১৩ প্লাটুন বিজিবি ও ৬ প্লাটুন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। মোতায়েন করা বিজিবি ও আনসার সদস্যরা কালিয়াকৈরের কোনাবাড়ী, কাশিমপুর, চন্দ্রা, পল্লীবিদ্যুৎসহ বিভিন্ন শিল্পাঞ্চল এলাকায় টহল দিচ্ছেন। এ ছাড়া যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এসআরবি, শিল্প পুলিশ, মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশের সদস্যরাও সমন্বয় করে কাজ করছেন।
সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায়, শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা জোরদার, শ্রমিক অসন্তোষ নিরসন ও উৎপাদন কার্যক্রম নির্বিঘ্ন রাখতেই এই নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বর্তমানে সংশ্লিষ্ট এলাকার শিল্পকারখানাগুলোর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।
সোমবার (১৬ নভেম্বর) সকালে কালিয়াকৈরের মৌচাক এবং কোনাবাড়ি এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কিছু শ্রমিক অবস্থান নেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলে শ্রমিকরা সেখান থেকে সরে যান। কালিয়াকৈরে খোলা কারখানাগুলোতে ফিরেছেন শ্রমিকরা। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন পয়েন্টে শ্রমিকদের শান্তিপূর্ণভাবে কারখানায় প্রবেশ করতে দেখা গেছে। যেসব কারখানা খোলা আছে, সেখানে সকাল থেকেই শ্রমিকরা আইডি কার্ড দেখিয়ে ভেতরে প্রবেশ করেন এবং পুরোদমে উৎপাদন শুরু হয়েছে।
মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট মৌচাক, চন্দ্রা ত্রিমোড়, পল্লীবিদ্যুৎ ও সফিপুর বাজারের প্রতিটি পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশের দাবি, গত শনিবার কালিয়াকৈরে শ্রমিকদের ৩০ হাজার টাকা বেতন বৃদ্ধির দাবির আন্দোলনের আড়ালে শ্রমিক সেজে নাশকতা চালানোর চেষ্টা করছিল ছাত্রলীগের নেতাকর্মীরা। এরপর অভিযান চালিয়ে ২০ জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়। আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
স্থানীয় সচেতন মহলের দাবি, শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে, শিল্প বাঁচলে দেশ বাঁচবে। দাবি আদায়ের জন্য আলোচনা করতে হবে, টেবিলে বসতে হবে। রাস্তা বন্ধ করে, কারখানা বন্ধ করে, ম্যাজিস্ট্রেটের গাড়ি ভেঙে কোনো সমাধান হবে না। প্রশাসন, মালিকপক্ষ ও শ্রমিক নেতাদের এক টেবিলে বসে দ্রুত সমাধানে আসার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।
















