এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত তিনটার দিকে রাজধানীর বিজয়নগরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এ ঘটনা ঘটে। এতে গাড়িটির একাংশ পুড়ে গেছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এবি পার্টি।
বৃহস্পতিবার দলটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মুখে মাস্ক পরা কয়েকজন ব্যক্তি অটোরিকশায় করে এসে মঞ্জুর পার্ক করা গাড়িতে বোতলে থাকা দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। আগুন দেওয়ার পরপরই তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কেন্দ্রীয় কার্যালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা নৈশপ্রহরীরা সিসিটিভি ক্যামেরায় অগ্নিসংযোগের ঘটনা দেখতে পান। পরে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার উদ্যোগ নেওয়া হয়। তবে এর আগেই গাড়িটির একাংশ পুড়ে যায়।
আইসিজের রায় মেনে রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা করবে মিয়ানমার, প্রত্যাশা প্রতিমন্ত্রীর!

ঘটনায় দেওয়া যৌথ বিবৃতিতে এবি পার্টির কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান মেজর (অব.) আব্দুল ওহাব মিনার ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বলেন, একটি রাজনৈতিক দলের চেয়ারম্যানের গাড়িতে গভীর রাতে এ ধরনের অগ্নিসংযোগকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। তাদের মতে, এটি রাজনৈতিক অসহিষ্ণুতা, ভীতি প্রদর্শন ও সন্ত্রাসী কর্মকাণ্ডের পাশাপাশি গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশের ওপর সরাসরি আঘাত।
বিবৃতিতে দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়, পতিত ফ্যাসিবাদী শক্তি দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে এ ধরনের ঘটনা ঘটাচ্ছে। আগুন-সন্ত্রাস, হামলা কিংবা ভয়ভীতি দেখিয়ে কোনো রাজনৈতিক শক্তিকে দমিয়ে রাখার চেষ্টা গ্রহণযোগ্য নয় বলেও উল্লেখ করেন নেতারা।
তারা আরও বলেন, এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে ফ্যাসিবাদী শক্তি জনগণ থেকে আরও বিচ্ছিন্ন হয়ে পড়ছে। দেশের গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে।
এ ঘটনায় সুষ্ঠু তদন্তের পাশাপাশি সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অগ্নিসংযোগে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছে এবি পার্টি। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেছে দলটি।
















