প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কাছ থেকে জন্মদিনের শুভেচ্ছা ও উপহার পেয়ে বিস্মিত ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বাসিন্দা আমিরুল হক পিয়ারুল। একজন সাধারণ নাগরিক হয়েও প্রধানমন্ত্রীর কাছ থেকে ব্যক্তিগত শুভেচ্ছা কার্ড ও উপহার পেয়ে আবেগাপ্লুত তিনি। এখনো যেন কাটছে না তাঁর বিস্ময়ের ঘোর।
গত শুক্রবার (২০ নভেম্বর) ছিল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন। একই দিনে জন্মদিন ছিল ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বাসিন্দা আমিরুল হক পিয়ারুলেরও। এ উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট দেন তিনি। সেখানে নিজের জন্মদিনও একই দিনে হওয়ার বিষয়টি উল্লেখ করেন।
পিয়ারুলের সেই পোস্ট নজরে আসে প্রধানমন্ত্রী তারেক রহমানের। পরে তাঁর জন্য জন্মদিনের শুভেচ্ছা কার্ড ও উপহার হিসেবে একটি পাঞ্জাবি পাঠান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে।
৩৫ বছর শিক্ষাদান, বিদায়বেলায় ঘোড়ার গাড়িতে চড়ে বাড়ি ফিরলেন শিক্ষক!

প্রধানমন্ত্রীর পাঠানো শুভেচ্ছা ও উপহার হাতে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন পিয়ারুল। প্রথমে বিষয়টি বিশ্বাস করতে না পারলেও পরে উপহার পেয়ে আনন্দে অভিভূত হন তিনি।
আমিরুল হক পিয়ারুল বলেন, ‘আমি প্রথমে বিশ্বাসই করতে পারিনি। এমনকি এখনো বিস্ময়ের ঘোরের মধ্যে আছি। আমার মতো একজন সাধারণ মানুষকে মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জন্মদিনের শুভেচ্ছা ও উপহার পাঠাতে পারেন, এটা আমার কাছে অবিশ্বাস্য ব্যাপার। এটি আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে স্নেহ দেখিয়েছেন, সে জন্য আমি চিরকৃতজ্ঞ।’
তিনি আরও বলেন, ‘জন্মদিনে আমরা সবাই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া করেছি। তিনি দেশকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা সবাই তাঁকে সহযোগিতা করার চেষ্টা করছি। প্রধানমন্ত্রীর প্রতিটি বার্তা অক্ষরে অক্ষরে পালনের চেষ্টা করছি, যাতে তাঁর স্বপ্ন অনুযায়ী বাংলাদেশ একটি সুন্দর ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়।’

















