বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিশেষ বাহিনীর যৌথ সামরিক প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় নোয়াখালীর স্বর্ণদ্বীপে অল-টেরেইন ভেহিকল (এটিভি) বা বিশেষ সামরিক যান নিজেই চালিয়ে মহড়ার চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করেন তিনি। প্রধানমন্ত্রীর পাশের আসনে ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এ ছাড়া দেশীয় প্রযুক্তিতে তৈরি সামরিক সরঞ্জামের প্রদর্শনীও ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে হেলিকপ্টারে ঢাকা থেকে স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। বেলা সাড়ে ১১টার দিকে তাকে বহনকারী হেলিকপ্টারটি স্বর্ণদ্বীপে অবতরণ করে।
সেখানে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করেন তিনি। সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিশেষ বাহিনীর সমন্বয়ে এই যৌথ মহড়ার আয়োজন করা হয়েছে।
দুবাইয়ের শ্রমবাজারে আনসার-ভিডিপি, ১০০ কর্মী বাছাই কার্যক্রম শুরু

মহড়া পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী নিজেই বিশেষ সামরিক যান চালিয়ে অনুশীলনস্থলের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। পাশাপাশি তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের প্রশিক্ষণ কার্যক্রম সম্পর্কেও খোঁজখবর নেন তিনি।
এই বিশেষ যৌথ মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর স্পেশাল ওয়ারফেয়ার অ্যান্ড ডাইভিং স্যালভেজ (সোয়াডস) এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নিচ্ছে। তিন বাহিনীর বিশেষায়িত ইউনিটগুলোর সমন্বয়ে পরিচালিত হচ্ছে এই অনুশীলন।
মহড়ার পাশাপাশি দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত বিভিন্ন সামরিক সরঞ্জামের প্রদর্শনী ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। সেখানে সামরিক সরঞ্জাম ও প্রযুক্তিগত উদ্ভাবন সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত জানেন তিনি।
নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে প্রাকৃতিকভাবে জেগে ওঠা স্বর্ণদ্বীপ স্থানীয়ভাবে ‘জাহাইজ্জার চর’ নামে পরিচিত। ২০১৩ সালে দ্বীপটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে সেখানে প্রশিক্ষণ ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী।
গত এক যুগের বেশি সময়ে স্বর্ণদ্বীপে সেনাবাহিনীর বিভিন্ন সামরিক মহড়ার পাশাপাশি নৌ ও বিমানবাহিনীর অংশগ্রহণে যৌথ অনুশীলন অনুষ্ঠিত হয়েছে। তবে এবারই প্রথম সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট একসঙ্গে এ ধরনের মহড়ায় অংশ নিচ্ছে।
মহড়া পরিদর্শন ও সংশ্লিষ্ট কার্যক্রম শেষে মঙ্গলবার বিকেলে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।

















