দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৫৬ প্লাটুন সদস্য মোতায়েন রয়েছেন গোপালগঞ্জে। এ ছাড়া যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় আরও চার প্লাটুন বিজিবি সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।
বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, মোতায়েন করা সদস্যদের মধ্যে ঢাকার সাভার ও আশুলিয়া এলাকায় ১৮ প্লাটুন, গাজীপুরে ১৮ প্লাটুন, নারায়ণগঞ্জে সাত প্লাটুন, গোপালগঞ্জে ৫৬ প্লাটুন, চট্টগ্রামে তিন প্লাটুন এবং কক্সবাজারে সাত প্লাটুন দায়িত্ব পালন করছেন।
প্রধানমন্ত্রীকে সব জানাব, বিএনপি নেতাদের নাম ধরে বলব: আমির হামজা

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় এসব এলাকায় দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা। সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছেন তারা। বিশেষ করে গুরুত্বপূর্ণ স্থাপনা ও শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার এবং নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি বিশৃঙ্খলা, সহিংসতা ও জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ যেকোনো কর্মকাণ্ড প্রতিরোধে কাজ করছেন বিজিবি সদস্যরা।
এদিকে মাঠপর্যায়ে নিরাপত্তা কার্যক্রম সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরে মনিটরিং সেল চালু রয়েছে। আধুনিক প্রযুক্তির সহায়তায় সেখান থেকে বিভিন্ন এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। এ কাজে ড্রোন ও শরীরে ধারণযোগ্য ক্যামেরাসহ বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এসব প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও চিত্র নিয়মিত পর্যবেক্ষণ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বিজিবি জানিয়েছে, সীমান্তের নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরেও আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে পেশাদারিত্বের সঙ্গে কাজ করছেন সদস্যরা। মানুষের জানমালের নিরাপত্তা, স্বাভাবিক চলাচল এবং দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছেন তারা।
















