বিদ্বেষমুক্ত ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পঞ্চগড়ে অরাজনৈতিক সংগঠন ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় জেলা পরিষদের হলরুমে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সভার আনুষ্ঠানিকতা শুরু হয় এবং পরে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে মশিউর রহমান বলেন, “এ দেশে জন্মগ্রহণকারী প্রতিটি মানুষের শান্তিপূর্ণভাবে বসবাস, মতপ্রকাশ, ধর্মীয় বিশ্বাস ধারণ এবং নিজস্ব সংস্কৃতি লালন করার অধিকার রয়েছে। এগুলো একজন নাগরিকের মৌলিক মানবাধিকার ও সাংবিধানিক অধিকার।”
সুনামগঞ্জ সীমান্তে বিজিবির কড়াকড়ি, বসল আধুনিক নজরদারি প্রযুক্তি

সাম্প্রতিক সময়ের বিভিন্ন ঘটনার সমালোচনা করে তিনি আরও বলেন, “এ দেশ সবার। এখানে ধর্ম, বর্ণ ও দলমত-নির্বিশেষে সবাই স্বাধীনভাবে মতপ্রকাশ করবে, সভা-সেমিনার করবে, বাউলরা গান গাইবে। ইসলাম কখনোই উগ্রবাদকে সমর্থন করে না। অথচ একটি উগ্রবাদী গোষ্ঠী ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে সাধারণ মানুষের ঈমানকে ভুল খাতে প্রবাহিত করছে।”
তিনি অভিযোগ করেন, একটি গোষ্ঠী ‘তৌহিদী জনতা’র নাম ব্যবহার করে ভিন্ন মতাবলম্বী, আউল-বাউল ও সংস্কৃতিকর্মীদের ওপর হামলা চালাচ্ছে। এমনকি মব সৃষ্টি করে জানমালের ক্ষতি, লুটপাট, ভিন্ন ধর্মের উপাসনালয়ে হামলা এবং কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়ার মতো জঘন্য কাজ করছে, যা ধর্মীয়ভাবে যেমন বেআইনি, রাষ্ট্রীয় আইনেও তেমনি দণ্ডনীয় অপরাধ। এসব কর্মকাণ্ডে ইসলাম ধর্ম এবং দেশের মানুষের বদনাম হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
সংগঠনের লক্ষ্য তুলে ধরে মশিউর রহমান জানান, নাগরিকদের বাক্স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা এবং সংগঠন করার সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই ‘সবার জন্য বাংলাদেশ’ দেশব্যাপী কাজ করে যাচ্ছে। সংগঠনের এই কার্যক্রমে তিনি সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
‘সবার জন্য বাংলাদেশ’-এর বিভাগীয় কো-অর্ডিনেটর আব্দুল কুদ্দুস শামীমের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন পঞ্চগড়ের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রিনা পারভীন, বাংলাদেশ সুপ্রিম পার্টির অ্যাডভোকেট দেলোয়ার হোসেন, পঞ্চগড় জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ আখতারুজ্জামান, পঞ্চগড় জেলা প্রেসক্লাবের সভাপতি রাশেদুজ্জামান ও সাধারণ সম্পাদক সরকার হায়দার এবং পঞ্চগড় জেলার বাংলাদেশ সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক আতিকুজ্জামান আতিক।
এ ছাড়া বাংলাদেশ নারী অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব জিন্নাতুন নাহার শীলু, খেলাফত মজলিস বাংলাদেশের সহসাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান, পঞ্চগড় উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি ও পঞ্চগড় মহিলা কলেজের সাবেক সহকারী অধ্যাপক গোলাম কিবরিয়া, ব্যারিস্টার জমির উদ্দিন কলেজিয়েট ইনস্টিটিউটের শিক্ষক রফিকুল ইসলাম, সাংস্কৃতিক কর্মী রফিকুল ইসলাম সরকার, ধর্মগুরু সাধন চন্দ্র দাস পালক এবং কবি ও গীতিকার মুক্তা বকুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য রাখেন।
সভায় উপস্থিত অতিথিরা দেশের বর্তমান প্রেক্ষাপটে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় তাদের মতামত তুলে ধরেন। পাশাপাশি একটি বৈষম্যহীন ও নিরাপদ সমাজ গড়তে ‘সবার জন্য বাংলাদেশ’ সংগঠনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

















