কুষ্টিয়ায় জামায়াত নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও গুলিবর্ষণের ঘটনায় বিএনপির নেতা-কর্মীদের দায়ী করে আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বিষয়টি তুলে ধরার ঘোষণা দিয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী কুষ্টিয়া সফরে এলে হামলার সঙ্গে জড়িতদের নাম উল্লেখ করে সব ঘটনা জানাবেন। একই সঙ্গে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের কঠোর সমালোচনা করেছেন তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কুষ্টিয়া শহরে জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আমির হামজা। বুধবার (২৫ নভেম্বর) রাতে কুষ্টিয়া শহরের ১৫ নম্বর ওয়ার্ডে জামায়াত নেতা শাজাহান আলীর বাড়িতে হামলা, ভাঙচুর ও গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে এবং বিস্তারিত জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হক ও ভুক্তভোগী শাজাহান আলী উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে আমির হামজা বলেন, ‘আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় আসছেন। ওই দিন প্রধানমন্ত্রীকে সব বলে দেব। হঠাৎ করে এই ঘটনাটা কারা ঘটিয়েছে, অবশ্যই তাদের খোঁজখবর নেব। প্রধানমন্ত্রী এলে আমি তাঁর সামনে বিএনপি নেতাদের নাম ধরে বলব, এই কাজগুলো তাঁরা ঘটিয়েছেন।’
ঢাকা-গোপালগঞ্জসহ ৬ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন, সর্বোচ্চ গোপালগঞ্জে!

ঘটনার বর্ণনা দিতে গিয়ে শাজাহান আলী অভিযোগ করেন, বালুবোঝাই ডাম্পট্রাক চলাচলের কারণে এলাকার সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর প্রতিবাদ করায় বিএনপির নেতা-কর্মীরা তাঁর বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও গুলিবর্ষণ করেছেন। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরাও জড়িত ছিলেন বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় থানায় হত্যাচেষ্টা মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান শাজাহান আলী।
আমির হামজা আরও বলেন, একটি ভিডিওতে শাজাহান আলীর বিরুদ্ধে বালুঘাটে চাঁদাবাজির অভিযোগসংক্রান্ত বক্তব্য শুনেছেন তিনি। সেখানে প্রথমে ৩০ হাজার, পরে ৫০ হাজার এবং বর্তমানে প্রতিদিন এক লাখ টাকা নেওয়ার কথা বলা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। তবে এসব অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্তের প্রয়োজনীয়তার কথা না বললেও জামায়াতের বিরুদ্ধে চাঁদাবাজি ও মামলা-বাণিজ্যের অভিযোগ প্রত্যাখ্যান করেন এই সংসদ সদস্য।
তিনি বলেন, জামায়াতে ইসলামী আদর্শের ভিত্তিতে রাজনীতি করে। দলটি মিথ্যা মামলা দিয়ে বাণিজ্য করে না, চাঁদাবাজি করে না কিংবা মানুষকে ঠকায় না। দীর্ঘদিন ধরে বিভিন্ন অভিযোগের মাধ্যমে দলটির ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি।
জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে আমির হামজা বলেন, শুধু কুষ্টিয়ায় নয়, দেশের কোথাও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নেই। গত ৫৫ বছরের মধ্যে পরিস্থিতি সবচেয়ে খারাপ অবস্থায় পৌঁছেছে বলে দাবি করেন তিনি। তাঁর অভিযোগ, প্রশাসনের কার্যকর ভূমিকা দেখা যাচ্ছে না; বরং প্রশাসন অনেকটা নিষ্ক্রিয় হয়ে পড়েছে।
কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারের (এসপি) সমালোচনা করে তিনি বলেন, ‘কুষ্টিয়ার ডিসি ও এসপি সব ব্যর্থ। এককথায়, এরা সব ব্যর্থ। এদের কোনো কাজ নেই। জনগণের করের টাকায় তাদের বসিয়ে বসিয়ে বেতন দেওয়ার দরকার নেই। এদের জেলা থেকে নিয়ে যাক।’
কারাগারের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ জানিয়ে আমির হামজা বলেন, কুষ্টিয়ার কোথাও মানুষ নিরাপদ বোধ করছে না। দেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। তাঁর ভাষ্য, মানুষের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে বাড়িঘর, জানমাল ও সম্মান—কোনোটিই সুরক্ষিত থাকবে না।
এদিকে আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রীর কুষ্টিয়া সফরকে স্বাগত জানিয়েছেন সংসদ সদস্য আমির হামজা। তিনি বলেন, প্রধানমন্ত্রী দল-মতনির্বিশেষে সবার। তাঁকে ঘিরে কুষ্টিয়াজুড়ে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে শহরের বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা, সাজসজ্জা এবং উদ্বোধনযোগ্য স্থাপনাগুলো প্রস্তুত করার উদ্যোগকে স্বাগত জানান তিনি।
আমির হামজা বলেন, প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় আসছেন, এটি জেলার মানুষের জন্য আনন্দের বিষয়। তাঁর সফরকে কেন্দ্র করে যে প্রস্তুতি চলছে, তাতে তাঁদের সমর্থন রয়েছে। তবে সফরের দিন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে জেলার সার্বিক পরিস্থিতি এবং সাম্প্রতিক হামলার ঘটনা বিস্তারিতভাবে তুলে ধরবেন বলেও জানান তিনি।
















