প্রাণঘাতী রোগ ইবোলার টিকা বাজারে আসতে আরও অন্তত নয় মাস সময় লাগতে পারে। বুধবার জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সদরদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থার উপদেষ্টা ডক্টর ভাসি মূর্তি।
ডক্টর ভাসি মূর্তি জানান, ইবোলা ভাইরাসের বুন্ডিবুগিও প্রজাতির বিস্তার থামাতে বর্তমানে দুটি সম্ভাব্য টিকার কাজ শুরু হয়েছে। তবে এই টিকাগুলো এখনো ক্লিনিক্যাল ট্রায়ালের পর্যায়ে পৌঁছায়নি। টিকা সম্পূর্ণভাবে তৈরি এবং পরীক্ষা শেষ হতে আরও নয় মাস সময় লাগতে পারে।
মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে বর্তমানে ইবোলা মহামারির মতো ছড়িয়ে পড়েছে। এর আগে মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস এক বিবৃতিতে জানিয়েছিলেন, কঙ্গোতে ইবোলার উপসর্গে এ পর্যন্ত ১৩৯ জনের মৃত্যু হয়েছে এবং আরও ৬০০ জনের মধ্যে এই রোগের লক্ষণ দেখা দিয়েছে।
গাইবান্ধায় পানের হাট দখল নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া, এলাকায় উত্তেজনা

ডক্টর ভাসি মূর্তি আরও বলেন, কঙ্গোতে যাদের মধ্যে উপসর্গ দেখা দিয়েছিল তাদের মধ্যে ৫১ জন নিশ্চিতভাবে ইবোলায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা দেশটির পূর্বাঞ্চলীয় ইতুরি এবং উত্তর কিভু প্রদেশের বাসিন্দা। পার্শ্ববর্তী দেশ উগান্ডাতেও দুইজনের শরীরে এই ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। তারা উগান্ডার রাজধানী কামপালায় বাস করেন।
কঙ্গোতে ইবোলার এই ভয়াবহ পরিস্থিতির কারণে গত ১৭ মে বিশ্বজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে সংস্থাটি উল্লেখ করে যে ইবোলার এই প্রাদুর্ভাব পরিস্থিতি এখনো বৈশ্বিক মহামারি পর্যায়ে পৌঁছায়নি। ভাইরাসের এই ধরণ মোকাবিলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কাজ চলছে বলেও জানানো হয়।
















