কুড়িগ্রামের উলিপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে নূর ইসলাম (৫৫) নামের এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার মজুত করা প্রায় ১ লাখ ৫০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। জরিমানাপ্রাপ্ত নূর ইসলাম ওই এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।
আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের উত্তর নামাজের চর এলাকায় এই অভিযান চালানো হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নামাজের চর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় নূর ইসলামকে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাকে ১ লাখ টাকা জরিমানা করেন। একই সঙ্গে ঘটনাস্থলে মজুত করা আনুমানিক ১ লাখ ৫০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।
লাকসামে নরপাটি এতিমখানার উদ্বোধন উপলক্ষে মতবিনিময় ও দোয়া মাহফিল

অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান।
তিনি বলেন, “জনস্বার্থে এবং পরিবেশ ও নদী রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।”

















