শহীদ শরিফ ওসমান হাদির রাজনৈতিক লড়াই ও তার কবরকে কেন্দ্র করে বিএনপি এবং দলটির শরিকদের একাংশের রাজনীতির সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। কবর নিয়ে কটাক্ষ না করে ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। একই সঙ্গে শহীদ জিয়াউর রহমানের মাজার ও ওসমান হাদির কবর যথাযথ মর্যাদায় সংরক্ষণের আহ্বান জানিয়েছেন এই এনসিপি নেতা।
শুক্রবার (৯ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, ‘শহীদ ওসমান হাদির রাজনৈতিক লড়াই এবং তার কবরকে কেন্দ্র করে বিএনপি ও তার শরিকদের একটি অংশের যে নোংরা রাজনীতি আমরা দেখছি, তা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। যার হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে পারছেন না, তার কবর নিয়ে কটাক্ষ করার আগে নিজেদের রাজনৈতিক ও নৈতিক দায়িত্বের কথা ভাবুন।’
পোস্টে তিনি বলেন, কিছু বিষয় আপসের ঊর্ধ্বে। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে শহীদ ওসমান হাদির আজাদীর লড়াই ছিল তার রাজনৈতিক অঙ্গীকারের অন্যতম প্রধান দিক।
দেশে চাহিদার চেয়ে বেশি খাদ্য মজুদ, রমজানে সংকট হবে না: খাদ্যমন্ত্রী

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও লেখেন, ‘শহীদ জিয়াউর রহমানের মাজার তার যথাস্থানে থাকুক, শহীদ ওসমান হাদির কবরও তার যথাযথ মর্যাদা ও সম্মানের সঙ্গে সংরক্ষিত থাকুক। কারো কবরকে রাজনৈতিক প্রতিহিংসা কিংবা বিতর্কের হাতিয়ার বানানো উচিত নয়।’
তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে কবর, স্মৃতিচিহ্ন ও রাজনৈতিক প্রতিপক্ষের প্রতীক ভাঙচুরের রাজনীতি দেখা গেছে। সেই ধরনের রাজনীতির পুনরাবৃত্তি তারা চান না। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে যেন নতুন করে আরেকটি অন্যায়ের পথ তৈরি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে এনসিপির এই নেতা বলেন, তার রাজনৈতিক আদর্শ, আজাদীর সংগ্রাম ও আত্মত্যাগ নিয়ে যুক্তিতর্ক হতে পারে। তবে তার কবর নিয়ে কটাক্ষ বা অসম্মান করা উচিত নয়।
পোস্টের শেষাংশে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, ‘কবর নিয়ে নোংরা রাজনীতি নয়—শহীদের হত্যার বিচার চাই, ইতিহাসের মর্যাদা চাই, আধিপত্যমুক্ত বাংলাদেশ চাই।’
















