দীর্ঘদিন ধরে অবসর ও কল্যাণ সুবিধার টাকার অপেক্ষায় থাকা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১৩ হাজার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর পাওনা পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে ২০২২ ও ২০২৩ সালে অবসর ও কল্যাণ ভাতার জন্য আবেদনকারীদের টাকা দ্রুত পরিশোধের সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি হজে গমনেচ্ছু এবং দুরারোগ্য রোগে আক্রান্ত শিক্ষক-কর্মচারীদের পাওনা অগ্রাধিকার ভিত্তিতে পরিশোধের সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি।
রোববার (৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এসব সিদ্ধান্ত ও সুপারিশ গৃহীত হয়। কমিটির সভাপতি মো. সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে শিক্ষামন্ত্রীসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টে দীর্ঘদিন ধরে জমে থাকা অনিষ্পন্ন আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির বিষয়ে গুরুত্ব দিয়েছে সংসদীয় কমিটি। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে। কমিটির সুপারিশ অনুযায়ী, অর্থের প্রাপ্যতা সাপেক্ষে পর্যায়ক্রমে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের পাওনা পরিশোধ করা হবে।
দেশে ফিরে শেখ হাসিনাকে বরণ করার স্বপ্ন বাস্তব হবে না: রিজভী

সংসদীয় কমিটির সদস্য আতিকুর রহমান মোজাহিদ জানান, ২০২২ ও ২০২৩ সালে অবসর ও কল্যাণ ভাতার জন্য আবেদন করা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পাওনা দ্রুত পরিশোধের সিদ্ধান্ত হয়েছে। এ উদ্যোগের আওতায় রয়েছেন প্রায় ১৩ হাজার শিক্ষক-কর্মচারী। সিদ্ধান্তটি দ্রুত বাস্তবায়ন করা হলে দীর্ঘদিন ধরে পাওনা অর্থের অপেক্ষায় থাকা শিক্ষক-কর্মচারীদের ভোগান্তি অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।
বৈঠকে আরও সুপারিশ করা হয়, হজে গমনেচ্ছু এবং দুরারোগ্য রোগে আক্রান্ত অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের আর্থিক প্রয়োজন বিবেচনায় তাদের পাওনা অগ্রাধিকার ভিত্তিতে পরিশোধের ব্যবস্থা করতে হবে।
বৈঠকে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং সংসদীয় কমিটির সদস্য মোছা. তাহসিনা রুশদীর, মো. সেলিমুজ্জামান মোল্যা, মো. জাহান্দার আলী মিঞা, বীথিকা বিনতে হোসাইন, মো. মুজিবুর রহমান ও আতিকুর রহমান মোজাহিদ উপস্থিত ছিলেন।
















