যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের একদল কর্মী-সমর্থকের বিরুদ্ধে। তবে এনসিপির যুক্তরাজ্য শাখার নেতা-কর্মীদের তৎপরতায় শেষ পর্যন্ত নিরাপদে ক্যাম্পাস ত্যাগ করেন নাহিদ ইসলাম। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় ও পাল্টাপাল্টি স্লোগানের ঘটনা ঘটে।
জুলাই গণ-অভ্যুত্থানের এক দফার ঘোষক নাহিদ ইসলাম বর্তমানে এক সপ্তাহের সফরে যুক্তরাজ্যে অবস্থান করছেন। সফরের অংশ হিসেবে স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় কেমব্রিজ ইউনিভার্সিটি বাংলা সোসাইটি আয়োজিত একটি মতবিনিময় অনুষ্ঠানে যোগ দিতে বিশ্ববিদ্যালয়ের সেন্ট জনস কলেজের ওল্ড ডিভিনিটি স্কুলের প্রধান লেকচার থিয়েটারে যান তিনি।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও অনুযায়ী, অনুষ্ঠান শেষে নাহিদ ইসলাম গাড়িতে ওঠার সময় ক্যাম্পাসের বাইরে আগে থেকে অবস্থান নেওয়া আওয়ামী লীগের একদল কর্মী-সমর্থকের মুখোমুখি হন। এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এনসিপি ইউকে অ্যালায়েন্সের সদ্য সাবেক সদস্যসচিব এম এ হিমেল। শনিবার মধ্যরাতে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ঘটনার একটি ভিডিও প্রকাশ করেন।
‘এই কথা বলতে বলতে বুড়ো হয়ে গেলাম’, কুমিল্লা বিভাগ না হওয়ায় হতাশ এমপি!

ভিডিওতে দেখা যায়, যুক্তরাজ্যপ্রবাসী এনসিপির নেতা-কর্মীরা নাহিদ ইসলামকে ঘিরে নিরাপত্তা দিয়ে গাড়িতে তুলে দিচ্ছেন। অন্যদিকে, গাড়ির সামনের দিকে আওয়ামী লীগ সমর্থকদের সঙ্গে এনসিপি কর্মীদের আরেকটি অংশের উত্তপ্ত বাক্যবিনিময় চলছে। দুই পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই নাহিদ ইসলামকে বহনকারী গাড়িটি নিরাপদে ক্যাম্পাস ত্যাগ করে।
ভিডিওর ক্যাপশনে এম এ হিমেল লেখেন, ‘দিস ইজ হাউ উই এক্সিট নাহিদ ইসলাম ফ্রম দ্য কেমব্রিজ ইউনিভার্সিটি সেমিনার’। অর্থাৎ, এভাবেই তাঁরা নাহিদ ইসলামকে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সেমিনার থেকে বের করে নিয়ে গেছেন। একই পোস্টে তিনি দাবি করেন, আওয়ামী লীগ তাঁদের কোনো ক্ষতি করতে পারেনি।
এ ছাড়া তাঁর প্রকাশ করা অন্য একটি ভিডিওতে এনসিপির সমর্থকদের আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায়। ওই ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘কেমব্রিজে আওয়ামী লীগের গুন্ডা বাহিনীকে এনসিপির দাঁতভাঙা জবাব’।
ঘটনার বিষয়ে নাহিদ ইসলামের যুক্তরাজ্য সফর প্রস্তুতি কমিটির আহ্বায়ক এহতেশামুল হক জানান, যুক্তরাজ্যে আওয়ামী লীগের সমর্থকেরা বরাবরই এনসিপি নেতাদের হেনস্তার চেষ্টা করে আসছেন। শনিবার রাতেও তাঁরা একই ধরনের চেষ্টা চালান, তবে সফল হননি। নাহিদ ইসলাম নির্ধারিত অনুষ্ঠান সফলভাবে শেষ করে নিরাপদে অনুষ্ঠানস্থল ত্যাগ করেছেন। বাইরে আওয়ামী লীগের সমর্থকেরা শুধু চিৎকার-চেঁচামেচি করেছেন বলে দাবি করেন তিনি।
এদিকে, যুক্তরাজ্যে এনসিপি নেতাদের ওপর বারবার হেনস্তার চেষ্টার অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন দলটির শীর্ষ নেতারা। তাঁদের দাবি, নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা এবং এর আগে যুক্তরাজ্যে হাসনাত আবদুল্লাহকে হেনস্তার চেষ্টার পেছনেও একই ব্যক্তি মূল সংগঠক হিসেবে কাজ করছেন।
এ বিষয়ে এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সদস্য ও দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠানস্থলের বাইরে আওয়ামী লীগের সমর্থকেরা জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিয়েছেন। তবে সেখানে এনসিপির বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত থাকায় তাঁরা কোনো সুবিধা করতে পারেননি।
তিনি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম প্রধান মুখ হওয়ায় নাহিদ ইসলামের প্রতি আওয়ামী লীগের সমর্থকদের আক্রোশ রয়েছে। তবে যুক্তরাজ্যে এখন তাঁদের প্রতি প্রবাসীদের আগের মতো সমর্থন নেই। তাঁর দাবি, ১০ থেকে ১৫ জন উগ্র ব্যক্তি ছাড়া এসব কর্মসূচিতে অন্যদের উপস্থিতি দেখা যাচ্ছে না।
যুক্তরাজ্যে অবস্থানরত এক আওয়ামী লীগ সমর্থককে এসব ঘটনার মূল হোতা হিসেবে উল্লেখ করে সারোয়ার তুষার বলেন, বাংলাদেশ সরকার চাইলে ওই ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে পারে। পাশাপাশি যুক্তরাজ্য সরকারের কাছে তাঁকে বাংলাদেশে ফেরত পাঠানোর (ডিপোর্ট) আবেদন জানানোর বিষয়টিও বিবেচনা করতে পারে।
















