জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এ নিয়ে প্রতিবাদ কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলসহ বিভিন্ন সংগঠন। এরই মধ্যে বিক্ষোভ মিছিলে নতুন স্লোগান দিয়ে আলোচনায় এসেছেন যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন। তাঁর দেওয়া স্লোগান, ‘হাসিনা তুই দেশে আয়, দেখি তোরে কে বাঁচায়।’
শনিবার (১৪ নভেম্বর) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু হওয়া মিছিলটি শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়। এতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিল চলাকালে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন ওই স্লোগান দেন। তাঁর সঙ্গে মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরাও বিভিন্ন স্লোগানে প্রতিবাদ জানান।
‘এই কথা বলতে বলতে বুড়ো হয়ে গেলাম’, কুমিল্লা বিভাগ না হওয়ায় হতাশ এমপি!

শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হওয়ার পর থেকেই বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এরই ধারাবাহিকতায় যুবদল নেতা নয়নের দেওয়া নতুন স্লোগানটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা তৈরি হয়েছে।
মিছিল শেষে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের মতো কর্মকাণ্ড করে জাতীয়তাবাদী যুবদল এবং বিএনপির অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ভয় দেখানো যাবে না।
তিনি আরও বলেন, গুম, খুন ও নানা ধরনের নির্যাতনের মধ্যেও বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বুক চিতিয়ে লড়াই করেছেন। যুবদল নেতা রবিউল ইসলাম নয়নও অতীতে নানা অত্যাচার ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। তারপরও তাঁদের দমিয়ে রাখা সম্ভব হয়নি বলে মন্তব্য করেন তিনি।
অন্যদিকে, শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সরকারের পক্ষ থেকেও বক্তব্য এসেছে। তথ্য উপদেষ্টা ড. জাহেদ উর রহমান জানিয়েছেন, শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সরকার উদ্বিগ্ন নয়। বরং তিনি দেশে ফিরলে আইন অনুযায়ী তাঁর বিচারপ্রক্রিয়া সম্পন্ন করার সুযোগ তৈরি হবে।
















