দল পদত্যাগ করতে বলেনি, বরং বিশেষ কারণে নিজেই মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ছেন বলে জানিয়েছেন ইশরাক হোসেন। তবে পদ ছাড়লেও মাদকের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তিনি।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইশরাক বলেন, “দল চায়নি, নিজে থেকেই পদত্যাগ করছি। বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে।” তিনি আরও বলেন, “বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে, তবে মাদকের বিরুদ্ধে যুদ্ধ চলবে।”
এর আগে নিজের ফেসবুক পোস্টে ইশরাক জানিয়েছিলেন, সোমবার দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন এবং সাংবাদিকদের মুখোমুখি হবেন।
বাংলাদেশি জাতীয়তাবাদে সব সম্প্রদায়ের স্থান সংরক্ষিত: রিজভী

পোস্টে তিনি লেখেন, ফেসবুকে কিছু মানুষের উল্লাসসূচক লেখালেখি দেখেছেন। ভবিষ্যতে আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে তারা যেন জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে বিদেশ থেকে দেশে এসে সেই আন্দোলনে যোগ দেন, এমন প্রত্যাশাও জানান তিনি।
ইশরাক আরও বলেন, সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, বিএনপির একজন কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে শতগুণ বেশি উদ্দীপনা নিয়ে কাজ করবেন। পরিচ্ছন্নতা কর্মসূচি আরও জোরদার করার পাশাপাশি দেশব্যাপী প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বাড়াতে বিভিন্ন জেলা সফরের পরিকল্পনার কথাও জানান তিনি। তাঁর বক্তব্য, “মন্ত্রী নয়, মাদক নির্মূল!”
উল্লেখ্য, গত শনিবার আগ্নেয়াস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে বিতর্কের মুখে পড়েন ইশরাক হোসেন। এর পরদিন প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন বলে খবর ছড়িয়ে পড়ে। তবে সে সময় গণমাধ্যমে পাঠানো এক অডিও বার্তায় ইশরাক বিষয়টিকে ‘গুজব ও ভিত্তিহীন’ বলে দাবি করেন।
পরে রাত ১২টা ৩৫ মিনিটে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি জানান, প্রধানমন্ত্রীর কাছ থেকে মন্ত্রিসভার কোনো সদস্যের পদত্যাগ বা অন্য নির্দেশ এলে তা কার্যকর হওয়ার পর দ্রুত সংবাদ সম্মেলন করে দেশবাসীকে বিস্তারিত জানানো হবে।

















