বাংলাদেশ-ভারত সীমান্তে অনুপ্রবেশের আশঙ্কা প্রকাশ করে বিতর্কিত মন্তব্য করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেছেন, সীমান্ত পার হওয়ার সুযোগের অপেক্ষায় বাংলাদেশিরা ওৎ পেতে বসে আছে। বিএসএফ সামান্য সময়ের জন্য নজর সরালেই তারা সীমান্ত অতিক্রমের চেষ্টা করতে পারে বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে পশ্চিমবঙ্গে কোনো অনুপ্রবেশকারীকে থাকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু।
রোববার (৮ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ভারত-বাংলাদেশ সীমান্তের হিঙ্গলগঞ্জে বিএসএফের ৭৪তম ব্যাটালিয়ন ক্যাম্প পরিদর্শনে গিয়ে এসব মন্তব্য করেন শুভেন্দু অধিকারী।
সীমান্তের নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণের কথা উল্লেখ করে তিনি বলেন, নিরাপত্তাব্যবস্থা শতভাগ নিখুঁত করা হবে। তিনি ব্যক্তিগতভাবে সীমান্তের সর্বশেষ ভাসমান আউটপোস্ট পরিদর্শন করেছেন এবং দূরবীন দিয়ে পুরো এলাকা পর্যবেক্ষণ করেছেন। তার দাবি, বাংলাদেশের দিকে কিছুই দেখা না গেলেও সীমান্ত পার হওয়ার সুযোগের অপেক্ষায় অনুপ্রবেশকারীরা ওৎ পেতে রয়েছে।
নেতানিয়াহুকে নতুন সরকারে রাখতে চান আইজেনকট, দিলেন চার শর্ত!

বিএসএফ ও পুলিশের যৌথ অভিযানের কথা তুলে ধরে শুভেন্দু আরও বলেন, ইতিমধ্যে কয়েক লাখ অনুপ্রবেশকারীকে তাড়িয়ে দেওয়া হয়েছে। সীমান্তের ১৫ কিলোমিটার এলাকাজুড়ে তল্লাশি অভিযান চলছে। অনুপ্রবেশকারীদের শনাক্ত করতে প্রয়োজনীয় তথ্য ও পরিসংখ্যান তাদের কাছে রয়েছে বলেও দাবি করেন তিনি। পশ্চিমবঙ্গে কোনো অনুপ্রবেশকারীর জায়গা হবে না এবং সবাইকে খুঁজে বের করা হবে বলে জানান এই বিজেপি নেতা।
তবে শুভেন্দু অধিকারীর বক্তব্যের সমালোচনা করেছেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। তিনি বলেন, বিএসএফ ভারতের কেন্দ্রীয় সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়। সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ এবং নিরাপত্তাসংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের।
কুণাল ঘোষ আরও প্রশ্ন তোলেন, ২০১৪ সাল থেকে কেন্দ্রে বিজেপি ক্ষমতায় থাকা এবং ত্রিপুরায় বিজেপি সরকার থাকা সত্ত্বেও সেখানে কীভাবে অবৈধ অনুপ্রবেশ ও রোহিঙ্গাদের প্রবেশ ঘটছে? শুধু পশ্চিমবঙ্গকে অনুপ্রবেশের জন্য দায়ী করা কতটা যৌক্তিক, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার মতে, ত্রিপুরাতেও অনুপ্রবেশকারীদের আটক করা হচ্ছে।
এ সময় পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থানের কথাও তুলে ধরেন কুণাল ঘোষ। তিনি বলেন, মমতা সব সময় বিএসএফ সদস্যদের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের নিজেদেরই মানুষ হিসেবে বিবেচনা করেন তিনি।
এর আগে হিঙ্গলগঞ্জ কলেজের অস্থায়ী হেলিপ্যাডে অবতরণের পর সড়কপথে বিএসএফ ক্যাম্পে যান শুভেন্দু অধিকারী। পরে ইছামতি নদীতে বিএসএফের স্পিডবোটে করে সীমান্ত এলাকা পরিদর্শন করেন। এরপর হিঙ্গলগঞ্জ থানার কালীপূজা উদ্বোধন এবং পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন তিনি।
সূত্র: এনডিটিভি
















