মহেশপুর (ঝিনাইদহ) অফিস
ঝিনাইদহের মহেশপুরে জাহানারা খাতুন (৬৭) নামে এক বৃদ্ধার আত্মহত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২৫ নভেম্বর) ভোরে উপজেলার গোপালপুর এলাকায় নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
জাহানারা খাতুন মহেশপুর পৌরসভার গোপালপুর গ্রামের বাবর আলীর স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে শারীরিক সমস্যায় ভুগছিলেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে জাহানারা খাতুনের পেটে ব্যথা শুরু হয়। পরে তিনি নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। বুধবার ভোর আনুমানিক ৫টার দিকে তার স্বামী ফজরের নামাজের জন্য ঘুম থেকে উঠে ঘরের জানালার গ্রিলের সঙ্গে জাহানারার ব্যবহৃত ওড়না পেঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখেন। পরে পরিবারের সদস্যরা তাকে নিচে নামিয়ে আনেন। তবে ততক্ষণে তার মৃত্যু হয় বলে পরিবারের সদস্যরা জানান।
কালিয়াকৈরে ভোটারদের সঙ্গে মেয়র প্রার্থী সাইজুদ্দিনের মতবিনিময়

এ ঘটনায় তার ছেলে মো. লিপন আলী মহেশপুর থানায় একটি লিখিত অপমৃত্যুর সংবাদ দিয়েছেন। আবেদনে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিনের অসুস্থতা ও পেটের ব্যথা সহ্য করতে না পেরে তার মা গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে পরিবারের ধারণা।
এ বিষয়ে মহেশপুর থানার কর্তব্যরত কর্মকর্তা জানান, পুলিশ ঘটনাস্থলে গেছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
















