রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক গতি দেখা দিয়েছে। চলতি অক্টোবর মাসের প্রথম ছয় দিনে দেশে এসেছে ৬৩ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স। আগের বছরের একই সময়ের তুলনায় এ প্রবাহ বেড়েছে। চলতি অর্থবছরের শুরু থেকেও রেমিট্যান্সে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি ধরে রেখেছে বাংলাদেশ।
বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, অক্টোবরের প্রথম ছয় দিনে ৬৩ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে এসেছিল ৫৫ কোটি ২০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রথম ছয় দিনের রেমিট্যান্স বেড়েছে ৭ কোটি ৮০ লাখ ডলার।
চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ৬ অক্টোবর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৯২২ কোটি ১০ লাখ মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ৮১৩ কোটি ৭০ লাখ ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৩ দশমিক ৩০ শতাংশ।
স্বর্ণের দামে টানা পতন, চার দফায় ভরিতে কমল ১০ হাজার টাকার বেশি!

এর আগে সেপ্টেম্বর মাসে দেশে ২৭৬ কোটি ৬২ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স এসেছিল। আগস্টে এসেছিল ২৯৬ কোটি ৭৫ লাখ ৩০ হাজার ডলার এবং জুলাইয়ে এসেছিল ২৮৫ কোটি ৮৭ লাখ ৬০ হাজার ডলার।
প্রবাসীদের পাঠানো অর্থ দেশের বৈদেশিক মুদ্রার জোগান বাড়ানোর পাশাপাশি আমদানি ব্যয় মেটানো ও রিজার্ভে ইতিবাচক প্রভাব রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে অর্থবছরের শুরু থেকে রেমিট্যান্স প্রবাহে এই প্রবৃদ্ধি অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

















