কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার পাওয়া গেছে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে নিয়ে লেখা একটি চিঠি। এতে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা জানানো হয়েছে। পাশাপাশি তাকে ছাড়া বাংলাদেশ অচল বলেও উল্লেখ করেছেন চিঠির লেখক। শনিবার (২১ নভেম্বর) প্রায় পাঁচ মাস পর মসজিদের দানবাক্স খোলার পর টাকা গণনার সময় চিঠিটি পাওয়া যায়। চিঠির শেষে শুভেচ্ছান্তে ‘কেন্দুয়া থানা আওয়ামী লীগ’ লেখা রয়েছে।
শনিবার সকালে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সগুলো খোলা হয়। প্রায় পাঁচ মাস পর দানবাক্স খোলার পর সেখান থেকে পাওয়া টাকা ও অন্যান্য সামগ্রী গণনার কার্যক্রম শুরু হয়। এ সময় দানের টাকার মধ্যে শেখ হাসিনাকে উদ্দেশ করে লেখা চিঠিটি পাওয়া যায়। চিঠিটি ঘিরে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
চিঠির শুরুতে লেখা রয়েছে, ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম, জয় বাংলা-জয় বঙ্গবন্ধু।’ এরপর লেখক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি নিজের সমর্থন ও প্রত্যাশার কথা তুলে ধরেছেন। চিঠিতে দাবি করা হয়েছে, বাংলার জনগণ শেখ হাসিনাকে আবারও চায়। একই সঙ্গে লেখক উল্লেখ করেছেন, ‘এ দেশ শেখ হাসিনার কাছে নিরাপদ, আর কারও কাছে নিরাপদ নয়।’
বিকাশের আড়াই কোটি টাকা ছিনতাই, ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ২

চিঠিতে শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের মাটিতে ফিরিয়ে আনার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করার কথাও লেখা হয়েছে। পাশাপাশি তাকে ছাড়া দেশ অচল বলে মন্তব্য করেছেন লেখক। চিঠির একপর্যায়ে লেখা হয়েছে, ‘শেখ হাসিনা ছাড়া এ দেশ অচল।’
সবশেষে বাংলার ১৮ কোটি মানুষের দাবির কথা উল্লেখ করে চিঠির শেষে শুভেচ্ছান্তে ‘কেন্দুয়া থানা আওয়ামী লীগ’ লেখা হয়েছে। তবে চিঠিটি কে বা কারা দানবাক্সে রেখেছেন, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ ধর্মপ্রাণ মানুষের কাছে বিশেষ আকর্ষণের একটি স্থান। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন অসংখ্য মানুষ এখানে নামাজ আদায়, দান ও মানত করতে আসেন। বিশেষ করে শুক্রবার মসজিদটিতে মুসল্লি ও দর্শনার্থীদের উপস্থিতি থাকে বেশি।
মসজিদের দানবাক্সে সাধারণত নগদ টাকা, বৈদেশিক মুদ্রা ও বিভিন্ন সামগ্রী পাওয়া যায়। এর পাশাপাশি কখনো কখনো পাওয়া যায় মানুষের ব্যক্তিগত আবেগ, আশা-আকাঙ্ক্ষা ও নানা বিষয়ে লেখা চিঠি। এবার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রার্থনা জানিয়ে লেখা চিঠিটিও সেই ধারাবাহিকতায় দানবাক্স থেকে উদ্ধার হলো।

















