শ্রমিক আন্দোলনের নামে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর অভিযোগ, সীমান্তের ওপারের ইশারায় একটি পক্ষ শ্রমিকদের ব্যবহার করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। তবে শ্রমিকদের ন্যায্য স্বার্থ ও জীবনমান উন্নয়নের বিষয়টি বিবেচনায় নিয়ে আলোচনার মাধ্যমে ন্যূনতম মজুরি নির্ধারণ করা হবে বলেও জানিয়েছেন তিনি।
সোমবার (২ নভেম্বর) সকাল ১১টার পর সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে তৈরি পোশাকশিল্পের মালিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, প্রধানমন্ত্রী শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ ও জীবনমান উন্নয়নের বিষয়ে নির্দেশনা ও পরামর্শ দিয়েছেন। শ্রমিকদের সব দিক বিবেচনায় নিয়ে সহানুভূতির সঙ্গে ন্যূনতম মজুরি নির্ধারণ করতে বলা হয়েছে। এ ক্ষেত্রে মালিক ও শ্রমিক—উভয় পক্ষের আলোচনার ভিত্তিতে বাস্তব পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
এনসিপির নতুন ক্রীড়া সংগঠনের আত্মপ্রকাশ আজ!

স্বরাষ্ট্রমন্ত্রী আরও অভিযোগ করেন, পতিত স্বৈরাচার ও ফ্যাসিবাদের সঙ্গে সংশ্লিষ্ট কিছু পক্ষ নিরীহ শ্রমিকদের ব্যবহার করে দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে। শ্রমিক আন্দোলনের নামে কেউ অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করলে তাদের কঠোর হাতে দমন করা হবে বলে সতর্ক করেন তিনি।
শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে ইতোমধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, সোমবারই বোর্ডের প্রথম সভা হতে পারে। অন্যথায় খুব শিগগিরই তারা বৈঠকে বসবেন। সেখানে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে নির্দিষ্ট সময়ের মধ্যে ন্যূনতম মজুরি নির্ধারণ ও ঘোষণা করা হতে পারে।
তিনি আশা প্রকাশ করেন, সব পক্ষের মতামত ও বাস্তবতা বিবেচনায় নিয়ে মজুরি বোর্ড দ্রুত একটি সিদ্ধান্তে পৌঁছাবে।

















