নানা আয়োজনের মধ্য দিয়ে সারাদেশে উদযাপিত হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস। এ উপলক্ষে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের স্মরণে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২১ নভেম্বর) সকালে পৃথকভাবে তাঁরা এ শ্রদ্ধা নিবেদন করেন। দিবসটি উপলক্ষে বিশেষ মোনাজাত, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং সেনাকুঞ্জে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শনিবার সকালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথমে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধে সর্বোচ্চ আত্মত্যাগকারী সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।
রাষ্ট্রপতির পর প্রধানমন্ত্রী তারেক রহমান শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। তিনিও শহীদ সদস্যদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করেন। এ সময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। বিউগলে বেজে ওঠে করুণ সুর।
মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী

এরপর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন।
এদিকে দিবসটির কর্মসূচি শুরু হয় শনিবার ফজরের নামাজের পর। দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি ও স্থাপনা এবং বিমানবাহিনী ঘাঁটির মসজিদে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। এতে মহান মুক্তিযুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
দিবসটি উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেওয়ার আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেবেন এবং তাঁদের সঙ্গে কুশল বিনিময় করবেন। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আহমেদ আযম খান, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামছুল ইসলাম, তিন বাহিনীর প্রধানসহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
এ ছাড়া বিকেল ৪টায় ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আয়োজিত এ অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন দেশের কূটনীতিকরা অংশ নেবেন।
অনুষ্ঠানে বীরশ্রেষ্ঠ ও সশস্ত্র বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারী, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তি এবং বিডিআর হত্যাকাণ্ডে শহীদ সেনাসদস্যদের উত্তরাধিকারীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করার কথা রয়েছে।
উল্লেখ্য, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের এই দিনে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত বাংলাদেশ সশস্ত্র বাহিনী পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মিলিতভাবে সর্বাত্মক অভিযান শুরু করে। মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় অর্জনে এই সম্মিলিত সামরিক অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্বাধীনতার পর থেকে ঐতিহাসিক এই দিনটি প্রতিবছর সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালন করা হচ্ছে।
















