দেশের সার্বিক পরিস্থিতি ও সরকারের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করে বিএনপি সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা আগেভাগেই জনগণকে জানানোর আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
মঙ্গলবার (৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনার অভাব নেই, তবে সেই পরিকল্পনার সঙ্গে বাস্তবতার মিল নিয়ে প্রশ্ন রয়েছে। নিত্যপণ্যের দাম বৃদ্ধি, বিদ্যুতের অস্বাভাবিক বিলের অভিযোগ, জ্বালানি তেল ও গ্যাসের দাম বাড়ার প্রসঙ্গ তুলে তিনি জানতে চান, সামনে আর কী কী বাড়তে পারে, তা বিএনপি সরকার আগেভাগেই জানিয়ে দিক।
আগামী গ্রীষ্মের আগেই ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের আশা প্রধানমন্ত্রীর!

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, জ্বালানি সংকট, নাগরিকদের গ্রেপ্তার এবং মিরাজ শেখের গুম হওয়ার ঘটনা নিয়েও প্রশ্ন তোলেন এনসিপির এই নেতা। গুমের স্বাধীন তদন্ত নিয়ে ওঠা প্রশ্নের বিষয়টিও সরকারের পরিকল্পনার অংশ কি না, তা জানতে চান তিনি।
এ ছাড়া গণভোটে প্রায় ৭০ শতাংশ ‘হ্যাঁ’ ভোটের রায় বাস্তবায়ন না হওয়া এবং ওই ভোটের আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন তোলার সমালোচনা করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা জনগণের সম্মতির ভিত্তিতে গড়ে উঠবে, নাকি সরকারের সুবিধামতো সাজানো হবে—সে প্রশ্নও তোলেন তিনি।

র্যাব বিলুপ্তির প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসার পর পোশাক ও লোগো পরিবর্তন করে এসআরবি গঠনের বিষয়েও সমালোচনা করেন এনসিপি নেতা। তাঁর প্রশ্ন, শুধু বাহিনীর নাম পরিবর্তন করলেই কি সংস্কার হয়, নাকি পুরোনো ব্যবস্থাকে নতুন মোড়কে ফিরিয়ে আনা হচ্ছে?
পোস্টের শেষাংশে নাসীরুদ্দীন পাটওয়ারী প্রশ্ন তোলেন, দেশ সরকারের পরিকল্পনা অনুযায়ী চলছে, নাকি দেশের বাস্তবতা থেকে দূরে সরে গিয়ে পরিকল্পনা সাজানো হচ্ছে।
















