শ্রীপুর প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে জৈনা বাজার ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং পরিচিতি সভা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার জৈনা বাজারে সমিতির নিজস্ব কার্যালয়ে এই সভাটি অনুষ্ঠিত হয়।
নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো. আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে আগামী দুই বছরের (২০২৬-২০২৮) জন্য ২১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মেসার্স মা-বাবা ফার্মেসীর মালিক মো. মোজাম্মেল হককে সভাপতি এবং মেসার্স জাহানারা মেডিকেল হলের মালিক মাজহারুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কমিটির অন্যান্যদের মধ্যে আবুল হাসেম উজ্জ্বল সিনিয়র সহ-সভাপতি, মাসুদ আলম, মো. আলমগীর হোসেন ও মো. আব্দুল মজিদ সহ-সভাপতি এবং দেলোয়ার হোসেনকে যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
এছাড়া মো. শহিদ উল্লাহ কোষাধ্যক্ষ, মো. মজিবুর রহমান সাংগঠনিক সম্পাদক, মো. আব্দুর রাজ্জাক সহ-সাংগঠনিক সম্পাদক এবং মোছা. শাহিনা আক্তার মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। সভায় মো. আব্দুল লতিফ ও মো. আব্দুল মান্নানসহ পাঁচ সদস্যের একটি উপদেষ্টা মণ্ডলীও গঠন করা হয়েছে।
সরিষাবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও প্রতিবন্ধীদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ

অনুষ্ঠানে বক্তারা সংগঠনের সকল সদস্যকে দ্রুত ড্রাগ লাইসেন্স সংগ্রহের আহ্বান জানান। এছাড়া সদস্যদের জন্য পরিচয়পত্র প্রদান এবং বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়। সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম ও বনভোজন আয়োজনের ধরন নিয়ে সদস্যরা নিজেদের মধ্যে মতামত বিনিময় করেন।
নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন গাজীপুর ও ময়মনসিংহ জেলার বিসিডিএস নেতৃবৃন্দসহ স্থানীয় সাধারণ ব্যবসায়ীরা। কমিটির নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত হবে বলে তারা আশা প্রকাশ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নবনির্বাচিত সভাপতি মো. মোজাম্মেল হক। শেষে মিষ্টি বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।

















