মাদারীপুর সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ মঙ্গলবার (১৪ জুলাই) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদারীপুর সদর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া এই ঐতিহ্যবাহী কলেজটিকে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. লুৎফর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন প্রবীণ রাজনীতিবিদ কাজী হুমায়ুন কবিরসহ কলেজের শিক্ষকবৃন্দ এবং স্থানীয় রাজনৈতিক নেতারা।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া বলেন, মাদারীপুর সরকারি কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের লক্ষ্যে তিনি খুব শিগগিরই প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি আলোচনা করবেন। এছাড়া শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য দ্রুত একটি বাস দেওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, সরকারি অনুমোদন পেতে দেরি হলে তিনি নিজের সংসদ সদস্য পদের বেতনের টাকা দিয়ে ব্যক্তিগত উদ্যোগে দ্রুত বাসটি সরবরাহ করবেন। পাশাপাশি ছাত্রাবাস, খেলার মাঠ, প্রবেশ সড়ক ও কমনরুমসহ কলেজের সামগ্রিক অবকাঠামো উন্নয়নেরও প্রতিশ্রুতি দেন তিনি।
মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি মাদক, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও ভূমিদস্যুতার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। একটি সুস্থ ও সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন গড়তে তিনি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ সবার সহযোগিতা কামনা করেন।
এর আগে, স্বাগত বক্তব্যে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. লুৎফর রহমান খান শিক্ষাখাতে রেকর্ড বাজেট প্রণয়নের জন্য বর্তমান সরকারকে ধন্যবাদ জানান। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।

















