শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে এমসি বাজার এলাকায় এক সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে পল্লী বিদ্যুতের কর্মকর্তা ও লাইনম্যানদের ওপর হামলা, মারধর এবং গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। বুধবার বিকেলে উপজেলার গোদার চালা এলাকায় এই ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ অবরুদ্ধ কর্মকর্তাদের উদ্ধার করেছে।
অভিযুক্ত জাহাঙ্গীর আলম জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। মাওনা জোনাল অফিসের প্রকৌশলী সজীব আহমেদ জানান, এমসি বাজার এলাকায় জাহাঙ্গীরের নামে থাকা একটি শিল্প বৈদ্যুতিক সংযোগ বকেয়া বিলের কারণে প্রায় দুই বছর আগে বিচ্ছিন্ন করা হয়েছিল। বিচ্ছিন্ন লাইনের মালামাল ও সরঞ্জাম খুলে আনার জন্য একাধিকবার চেষ্টা করা হলেও জাহাঙ্গীরের বাধার কারণে তা সম্ভব হয়নি।
বুধবার বিকেলে মাওনা জোনাল অফিসের এজিএম আতিকুর রহমানসহ অন্য কর্মকর্তারা ওই সরঞ্জাম খুলে আনতে গেলে জাহাঙ্গীর তার সহযোগীদের নিয়ে হামলা চালান। তারা কর্মকর্তাদের হেনস্তা করার পাশাপাশি পল্লী বিদ্যুতের গাড়ি ও খুলে আনা সরঞ্জাম ভাঙচুর করেন। হামলায় লাইনম্যান তাহেরুল ইসলাম আহত হন। এই হামলার ধরন অত্যন্ত উগ্র ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
কিশোরগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত, আহত ৩

মাওনা জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী শান্তনু রায় জানান, নিয়ম অনুযায়ী কাজ করতে গিয়ে তাদের কর্মকর্তাদের অবরুদ্ধ হতে হয়েছিল। পরে পুলিশের সহায়তায় তাদের উদ্ধার করা হয়েছে এবং এই বিষয়ে থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠিয়ে তাদের উদ্ধার করা হয়েছে এবং পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সরকারি কাজে বাধা ও সম্পদ বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

















