আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠেয় ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’-এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি। সম্মেলন শেষে সৌদি আরবে গিয়ে পবিত্র ওমরাহ পালন করে আগামী ১১ অক্টোবর সকালে তার দেশে ফেরার কথা রয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের উদ্দেশে রওনা হন ডা. শফিকুর রহমান। এ সময় তাকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন।
তুরস্কের ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠেয় ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’-এর এবারের প্রতিপাদ্য ‘বাংলাদেশ ২.০-এর সংস্কারের বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি এবং তুরস্ক–বাংলাদেশের সহযোগিতার নতুন দিগন্ত’। ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয় ও সেন্টার ফর পলিসি অ্যান্ড সোশ্যাল রিসার্চ—সিপিএসআর যৌথভাবে সম্মেলনটির আয়োজন করছে।
ইন্দোনেশিয়ায় ওষুধ-তৈরি পোশাকের বাজার বাড়াতে চায় বাংলাদেশ!

সম্মেলনে বাংলাদেশ ও তুরস্কের পাশাপাশি বিভিন্ন দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, নীতিনির্ধারক, কূটনীতিক, গবেষক এবং বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অংশ নেওয়ার কথা রয়েছে। সেখানে বাংলাদেশের সাম্প্রতিক সংস্কার, পরিবর্তিত পরিস্থিতি এবং তুরস্ক–বাংলাদেশের পারস্পরিক সহযোগিতার সম্ভাব্য নতুন দিক নিয়ে আলোচনা হবে। ডা. শফিকুর রহমান সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
তুরস্কে সম্মেলনে অংশগ্রহণ শেষে ডা. শফিকুর রহমান সৌদি আরব যাবেন। সেখানে পবিত্র ওমরাহ পালন শেষে আগামী ১১ অক্টোবর সকালে তার দেশে ফেরার কথা রয়েছে।
















