গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে অবৈধ মাদকসহ দুই মাদকসেবীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন: উপজেলার শাখাহার ইউনিয়নের শহরগছি (রাজস) এলাকার হাবিবুর রহমানের স্ত্রী ঝর্ণা বেগম (৩৭) এবং সাপমারা ইউনিয়নের তরফকামাল এলাকার আব্দুল মতিনের ছেলে আবুল কালাম আজাদ (৩২)।
বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে নেতা বললেন ‘আলহামদুলিল্লাহ’!

অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক জাকির হোসেনের নেতৃত্বে গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালানো হয়। এ সময় শাখাহার এলাকা থেকে ২ পিস ইয়াবাসহ ঝর্ণা বেগমকে এবং সাপমারা এলাকা থেকে ২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আবুল কালাম আজাদকে হাতেনাতে আটক করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খানের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
সেখানে তারা নিজেদের অপরাধ স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী ঝর্ণা বেগমকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং আবুল কালাম আজাদকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
গাইবান্ধা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রফিকুল ইসলাম বলেন, “দণ্ডপ্রাপ্ত দুজনকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে জেলা কারাগারে পাঠানো হয়েছে। মাদক নির্মূলে আমাদের এমন নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”

















