আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলেছেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয়ে এক গোল ও দুটি অ্যাসিস্ট করে বিদায়ী ম্যাচটিকে স্মরণীয় করে রেখেছেন আর্জেন্টাইন মহাতারকা। মেসির এই বিদায়ের মুহূর্তে বিশ্বের কোটি ভক্তের মতো আবেগাপ্লুত হয়েছেন বাংলাদেশের তারকারাও। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয় ফুটবলারের বিদায় নিয়ে নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন পূর্ণিমা, পরীমনি ও ইরফান সাজ্জাদ।
মঙ্গলবার রাতে বুয়েনস আইরেসের এস্তাদিও মাস মনুমেন্তালে বেনিনের বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা। জাতীয় দলের জার্সিতে মেসির শেষ ম্যাচ হওয়ায় পুরো ম্যাচজুড়েই ছিল আবেগের আবহ। মাঠে নিজের সামর্থ্যের স্বাক্ষর রেখে একটি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে আরও দুটি গোল করান তিনি। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় দিয়ে জাতীয় দলের অধ্যায় শেষ করেন আর্জেন্টাইন অধিনায়ক।
মেসির বিদায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন প্রতিক্রিয়া জানান ঢাকাই সিনেমার চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। মেসিকে নিয়ে তিনি লেখেন, ‘জীবনের সব দুঃখ এক পাশে, আর অন্য পাশে মেসিকে হয়তো শেষবারের মতো আর্জেন্টিনার জার্সি গায়ে দেখতে পাওয়ার বেদনা!’
২৪ বছর পর ভাইরাল নায়ক মান্নার সেই বক্তব্য, ‘আমি কোনো অশ্লীল দৃশ্যে অভিনয় করিনি’


মেসির বিদায়কে শুধু একজন ফুটবলারের বিদায় হিসেবে দেখছেন না চিত্রনায়িকা পরীমনি। তার কাছে এটি একটি যুগের সমাপ্তি। দীর্ঘ এক আবেগঘন বার্তায় তিনি লেখেন, ‘আজকের এই ম্যাচ শুধু একটা ম্যাচ নয়… আজ একটা যুগের শেষ অধ্যায়।’

মেসিকে ঘিরে নিজের দীর্ঘদিনের স্মৃতির কথাও তুলে ধরেন পরীমনি। আর্জেন্টিনার জার্সিতে মেসিকে শেষবার দেখার মুহূর্তে তার মনে পড়ে যায় বহু রাত জেগে মেসির খেলা দেখা, গোলের পর উচ্ছ্বাস এবং প্রিয় দলের হারে কষ্ট পাওয়ার স্মৃতি।
বিশেষ করে ২০২২ বিশ্বকাপ জয়ের মুহূর্তটি স্মরণ করেন পরীমনি। বিশ্বকাপ ট্রফি হাতে মেসিকে দেখার সেই আনন্দ কখনো ভুলে যাওয়ার নয় বলে জানান তিনি। তার কাছে জয়-পরাজয়ের হিসাবের চেয়েও গুরুত্বপূর্ণ ছিল আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে মেসিকে শেষবারের মতো মাঠে দেখা।
পরীমনি আরও লেখেন, ‘বিদায় নয়, লিও তুমি তো ফুটবলের ইতিহাসে থেকে যাবে। আর্জেন্টিনার জার্সি বদলাবে, প্রজন্ম বদলাবে, কিন্তু ১০ নম্বরের গল্পটা কখনো শেষ হবে না।’
মেসির বিদায়ী ম্যাচে আবেগ প্রকাশ করেছেন ছোট পর্দার অভিনেতা ইরফান সাজ্জাদও। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, ‘আমাদের সোনালী যুগের জাদুকর, তোমার যাত্রা শেষ হলেও আমাদের স্মৃতিতে তুমি থাকবে আজীবন! শেষবারের মতো আরও একবার লিওনেল মেসি।’
জাতীয় দলের হয়ে ১২৬তম গোল করে নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচটিকেও স্মরণীয় করে রেখেছেন মেসি। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি তার বিদায়ের আবেগ ছড়িয়ে পড়েছে বাংলাদেশের মেসিভক্ত তারকাদের মধ্যেও। তাদের পোস্টে ফুটে উঠেছে দীর্ঘদিনের ভালোবাসা, অসংখ্য স্মৃতি আর প্রিয় তারকাকে বিদায় জানানোর কষ্ট।

















