নয় দিনের সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সফরে তিনি অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি দেশ দুটির প্রতিরক্ষা খাতের সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ ও দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন।
রোববার (৪ অক্টোবর) সকালে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সেনাপ্রধানের সফরের বিষয়টি নিশ্চিত করা হয়।
সফরের প্রথম পর্যায়ে অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনী ‘দ্য চিফ অব আর্মি সিম্পোজিয়াম অ্যান্ড ল্যান্ড ফোর্সেস ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সপোজিশন ২০২৬’-এ অংশ নেবেন জেনারেল ওয়াকার-উজ-জামান। প্রতিরক্ষা খাতের এই আন্তর্জাতিক আয়োজনে বিভিন্ন দেশের সামরিক প্রতিনিধিদের অংশ নেওয়ার কথা রয়েছে।
মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তনও জরুরি: ববি হাজ্জাজ

অস্ট্রেলিয়া সফরকালে সেনাপ্রধান মেলবোর্নে ডেকিন ইউনিভার্সিটিও পরিদর্শন করবেন। সেখানে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত হবেন তিনি।
অস্ট্রেলিয়া সফর শেষে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে যাবেন জেনারেল ওয়াকার-উজ-জামান। সেখানে তিনি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর বার্ষিক আয়োজন ‘অ্যাসোসিয়েশন অব দ্য ইউএস আর্মি (AUSA) অ্যানুয়াল মিটিং অ্যান্ড এক্সপোজিশন’-এ অংশ নেবেন।
এ ছাড়া সরকারি সফরকালে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন সেনাপ্রধান। এসব বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় ও সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
নয় দিনের এই সফর শেষে সেনাপ্রধানের দেশে ফেরার কথা রয়েছে।

















