আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি:
ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত ডাকাত দলের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আজ শুক্রবার (৯ অক্টোবর) ভোররাত ১২টা ৫ মিনিটের দিকে আশুলিয়া থানাধীন পবনারটেক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. এরশাদ হোসেন (৪৫) জামালপুর সদর থানার চুরশি ঢুলিপাড়া গ্রামের মৃত ইদ্রিস আলী দেলোয়ার ও খোদেজা বেগমের ছেলে। বর্তমানে তিনি আশুলিয়ার পবনারটেক এলাকায় বসবাস করছিলেন।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং ডিবি (উত্তর) এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই মো. আ. মুত্তালিব সঙ্গীয় ফোর্স নিয়ে আজ শুক্রবার ভোররাতে আশুলিয়া থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি পরিচালনা করেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার পবনারটেক এলাকায় অভিযান চালিয়ে এরশাদ হোসেনকে গ্রেফতার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫!

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত এরশাদ দেশের বিভিন্ন এলাকায় চুরি ও ডাকাতির সাথে তার জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার অপরাধের রেকর্ড (পিসিপিআর) পর্যালোচনা করে দেখা গেছে, মো. এরশাদ হোসেনের বিরুদ্ধে পূর্বে দায়ের হওয়া দুটি চুরি, একটি ডাকাতি এবং একটি অন্যান্য মামলাসহ মোট চারটি মামলা রয়েছে।
তাকে নতুন একটি ডাকাতির প্রস্তুতি মামলায় গ্রেফতার দেখিয়ে আজ শুক্রবারই বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

















