বিশ্বের শিশুদের নিরাপত্তা, সুস্বাস্থ্য ও শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে নতুন বৈশ্বিক উদ্যোগ নিয়েছেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সহধর্মিণীদের নিয়ে আয়োজিত বিশেষ বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানকে স্বাগত জানান তিনি। নিউইয়র্কে অনুষ্ঠিত এই বৈঠকে শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় ফার্স্ট লেডিদের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানে মেলানিয়া ট্রাম্প তার নতুন বৈশ্বিক শিশু কল্যাণ উদ্যোগ ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ তুলে ধরেন। উদ্যোগটির মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তের সুবিধাবঞ্চিত শিশুদের নিরাপত্তা, সুস্বাস্থ্য, শিক্ষা এবং তাদের সম্ভাবনা বিকাশে কাজ করার লক্ষ্য তুলে ধরা হয়।
বৈঠকে জুবাইদা রহমানের সঙ্গে কুশল বিনিময় করেন মেলানিয়া ট্রাম্প। পরে হোয়াইট হাউস থেকে তাদের সাক্ষাতের একটি ছবিও প্রকাশ করা হয়। এতে দুই দেশের প্রতিনিধিত্বকারী এই দুই নারীর বৈঠকের বিষয়টি সামনে আসে।
মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তনও জরুরি: ববি হাজ্জাজ

আয়োজনে বক্তব্য দিতে গিয়ে শিশুদের নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন মেলানিয়া ট্রাম্প। তার মতে, সমৃদ্ধ ও নিরাপদ বিশ্ব গড়তে শিশুদের ভবিষ্যৎ সুরক্ষিত করা জরুরি। বিশেষ করে বিশ্বের বিভিন্ন অঞ্চলের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা, নিরাপত্তা ও সম্ভাবনা বিকাশে আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
এ উদ্যোগকে আরও বিস্তৃত ও কার্যকর করতে বিশ্বের বিভিন্ন দেশের ফার্স্ট লেডিদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান মেলানিয়া ট্রাম্প। শিশু কল্যাণে পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে বিশ্বজুড়ে শিশুদের জন্য আরও নিরাপদ ও সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়ে তোলার ওপর জোর দেন তিনি।

















